বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে আন্দোলনকারী শিক্ষার্থী এবং আন্দোলন প্রতিহতকারী স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় গুলি ছুড়ে আন্দোলনকারীদের ধাওয়া দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এদিন সড়কের রাপা প্লাজা ভবনের পাশে কিছু বিক্ষোভকারী বেলা ১১টার দিকে এসে দাঁড়ান। অন্যদিকে কিছুটা দূরে আসাদগেটের দিকের সড়কে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বিক্ষোভকারীরা ছোটাছুটি শুরু করেন। বিক্ষোভকারীদের দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের তেড়ে আসতে দেখা যায়। তারা বিক্ষোভকারীদের ধাওয়া দেন, গুলিও ছোড়েন।
বাংলাদেশ আই হসপিটালের সামনেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে তাদেরও ২৭ নম্বর সড়ক ধরে এগোতে দেখা যায়।

