আবু সাঈদের ভাস্কর্য বা প্রতিকৃতি না বানানোর অনুরোধ করেছেন তাঁর পরিবার

0
আবু সাঈদের ভাস্কর্য বা প্রতিকৃতি না বানানোর অনুরোধ করেছেন তাঁর পরিবার

জয়নাল আবেদীন: কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের ভাস্কর্য বা প্রতিকৃতি না বানানোর অনুরোধ করেছেন তাঁর পরিবার। ইসলাম ধর্মে মূর্তি-ভাস্কর্য- প্রতিকৃতি বানানো নিষিদ্ধ কারণে দেশবাসীর প্রতি আবু সাঈদের পরিবার এ অনুরোধ জানান। গত ৮ আগস্ট ‘দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান’ শিরোনামে দেওয়া এক বিবৃতির মাধ্যমে আবু সাঈদের ভাস্কর্য না বানানোর আহ্বান জানান তার বাবা মকবুল হোসেন ও ভাই আবু হোসেন, রমজান আলী ও বকুল হোসেন।

শনিবার রংপুরের সাংবাদিকদেও কাছে আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, আপনারা সবাই অবগত আছেন, আমার ছেলে আবু সাঈদ গত ১৬ জুলাই স্বৈরাচার শেখ হাসিনার দোসরের গুলিতে নির্মমভাবে শহীদ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি, কিছু লোক শহীদ আবু সাঈদের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছেন। শহীদ আবু সাঈদের প্রতি ভালোবাসা থেকেই আপনারা এমন উদ্যোগ নিয়েছেন বলে আমরা বিশ্বাস করি। আমরা আপনাদের ভালোবাসাকে সম্মান করি। কিন্তু আমার ছেলেটাকে কত কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন। আমি চাই না আমার ছেলে দুনিয়াতে যেমন কষ্ট পেয়েছে, আখিরাতেও তেমন কষ্ট পাক।

তিনি আরও বলেন, আমরা মুসলমান। আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করি। যেহেতু ইসলাম ধর্মে সব মূর্তি, ভাস্কর্য বা প্রতিকৃতি বানানো নিষিদ্ধ, সেহেতু আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি দেশের কোনো স্থানে আমার ছেলের মূর্তি, ভাস্কর্য বা প্রতিকৃতি যেন না বানানো হয়। আমি আপনাদের অনুরোধ করছি, আমার ছেলের জন্য যদি কিছু করতেই চান, তাহলে জনকল্যাণমুখী এমন কিছু কাজ করুন যার সওয়াব আবু সাঈদ কবরে পাবে। তিনি আরো বলেন শহীদ আবু সাঈদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের কাছে শহীদ আবু সাঈদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমাদের জন্যও দোয়া চাই।