বাংলাদেশ প্রতিবেদক: গোপালগঞ্জের কাশিয়ানীতে অপূর্ব টিকাদার নামে ৪ বছর বয়সি এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার সাফলিডাঙ্গা গ্রামের বালুচরের কাশবন থেকে লাশটি উদ্ধার করা হয়। সে সাফলিডাঙ্গা গ্রামের কৃষক তাপস টিকাদারের ছেলে।
বিকেলে অপূর্ব টিকাদার বাড়ির উঠানে খেলছিল। এ সময় তার মা পলি টিকাদার বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপূর্বকে উঠানে না দেখে খুঁজতে বের হন। কোথাও না পেয়ে রামদিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ও গ্রামবাসী বাড়ির পাশে খোঁজ করেন। একপর্যায়ে বালুচরের কাশবন থেকে গলাকাটা অবস্থায় অপুর মরদেহ দেখতে পায়।
রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশু নিখোঁজের বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। রাত সাড়ে ১০টায় বালুচরের কাশবন থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাশিয়ানী থানার পরিদর্শক জিল্লুর রহমান বলেন, নিহত শিশুর বাবা থানায় অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত চলছে।

