স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর গুলি ও বোমা বর্ষণের অভিযোগে পাবনা-৪ আসনের সাবেক এমপি গালিবুর রহমান শরীফ, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, পৌর মেয়র ইছাহক মালিথা, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালসহ ৭১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার নজরুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে ঈশ্বরদী থানায় এ মামলা দায়ের করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী থানার এ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিকেলে নজরুল ইসলাম নামের একজন বাদী হয়ে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককেই আসামি করে লিখিত অভিযোগ দেন। চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ এনে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে স্থানীয় সাবেক সাংসদ গালিবুর রহমান শরীফকে। এছাড়া তার ভাই যুবলীগ নেতা শিরহান শরীফ তমাল ও পৌর মেয়র ইছহাক মালিথাসহ আ.লীগ ও অঙ্গসংগঠনের অনেককেই মামলায় আসামি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত এক দফা দাবি আদায়ের কর্মসূচিতে যোগদানকালে দাশুড়িয়া, সলিমপুর সাহাপুর, পাকশীসহ উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

