শাহজাদপুরে খাবারে চেতনানাশক মিশিয়ে ৫ বাড়িতে চুরি, আটক ৪

0
শাহজাদপুরে খাবারে চেতনানাশক মিশিয়ে ৫ বাড়িতে চুরি, আটক ৪

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে খাবার লবণে চেতনানাশক মিশিয়ে অচেতন করে হিন্দু সম্প্রদায়ের ৫টি বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হামলাকোলা গ্রামের মৃত হাছেন আলীর ছেলে আল আমিন সরকার, পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের মৃত আজিজুল মোল্লার ছেলে সাইদুল ইসলাম ওরফে মদন, একই গ্রামের ময়নাল হোসেনের ছেলে সিএনজি চালক হামিদুল ইসলাম এবং নগরডালা গ্রামের চিত্ত কর্মকারের ছেলে পল্লব কর্মকার। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত ১টি সিএনজি, স্বর্ণের ব্যবসায়ী পল্লব কর্মকারের দোকান থেকে ৫ ভরি ২ আনা স্বর্ণ, ৩ ভরি ৮ আনা রূপার অলংকার সহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করে থানা পুলিশ ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ নভেম্বর ও ১৩ নভেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৪ জনকে আটক করা হয়। বুধবার (১৩ নভেম্বর) শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্যনিশ্চিত করে জানান, সংঘবদ্ধ চোরেরা অভিনব কৌশলে টার্গেট করা বাড়ির রান্না ঘরে ঢকে লবণের মধ্যে চেতনানাশক মিশিয়ে দিতো। রাতে সেই লবণ দিয়ে রান্না করা খাবার খেয়ে সবাই অচেতন হয়ে পড়লে চোরের দল ওই বাড়িতে ঢুকে সর্বস্ব চুরি করে নিয়ে যেত। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর গভীর রাতে উপজেলার গাড়াদহ পাল পাড়ার হিন্দু সম্প্রদায়ের ৫টি বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় শংকর পাল বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরের দলের ৪ জনকে আটক করে।

আটককৃতদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।