ফজলুর রহমান: কৃষি বিভাগের কারিগরী সহযোগীতায় মালচিং পদ্ধতিতে লালতীর পার্পল এফ ওয়ান বেগুন চাষে লাভবান কৃষক হামিদুল ইসলাম। কৃষি বিভাগের পরামর্শসহ কৃষক হামিদুল ইসলাম অনলাইনে কীটনাশক ও কৃষি ক্ষেতে ব্যবহৃত অন্যান্য ঔষধ সংগ্রহ করেন। বেগুণ চাষে অল্প খরচে বেশি লাভ হওয়ায় কৃষক খুশি।
সরেজমিনে রংপুরের পীরগাছা উপজেলার রহমতচর গ্রামে হামিদুলের বেগুণ ক্ষেতে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। কৃষকের সাথে কথা বলে জানা যায়, বেগুণ গাছের চারা লাগানোর পূর্বে বেড করে এর উপর পলিথিন বিছিয়ে নেয়া হয়। এর পর সারিবদ্ধভাবে বেগুণের চারা রোপন করা হয়। তার দেখাদেখি ওই এলাকার আমিনুলসহ অনেক কৃষক মালচিং পদ্ধতিতে বেগুণ চাষ করেছেন। পাশাপাশি অনেকে মালচিং পদ্ধতিতে অনেক কৃষক বেগুণ,মরিচসহ অন্যান্য শীতকালীন সবজি চাষ করেন।
স্থানীয় কৃষক হামিদুল ইসলাম আরো জানান, প্রায় ৬ বছর থেকে বেগুণ চাষে তেমন কোন লাভবান হতে পারেননি। এবছর স্থানীয় তাম্বুলপুর ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা সাদ্দাম হোসেন এর পরামর্শে মালচিং পদ্ধতিতে লালতীর পার্পল এফ ওয়ান জাতের বেগুণ বীজ সংগ্রহ করি। এরপর তিনি অনলাইন এর মাধ্যমে ট্রে সংগ্রহ করে বীজ বপন এবং চারা গজানোর এক মাস পর নিজের ২২ শতাংশ জমিতে ১ হাজার ২শ চারা রোপন করেন। অবশিষ্ঠ ৪ শ চারা প্রতিটি তিন টাকা দরে ১২ শ টাকা বিক্রয় করেন। বেগুণ চাষে এযাবত তার খরচে হয়েছে ৩১ হাজার তিনশ টাকা বলে তিনি জানান। বেগুণ বিক্রয় করেছেন প্রায় দেড় লক্ষ টাকা। আগামী ফেব্রুয়ারী পর্যন্ত দুই লক্ষ টাকার বেগুণ বিক্রয় করবেন বলে তিনি আশা করেন।
তাম্বুলপুর ব্লক এর দায়িত্বপ্রাপ্ত উপসহকারি কৃষি কর্মকর্তা সাদ্দাম হোসেন এর সাথে কথা হলে তিনি জানান, কৃষক হামিদুল ইসলাম আমাদের পরামর্শ অনুযায়ী মালচিং পদ্ধতিতে বেগুণ চাষ করেছেন। এ ছাড়াও নিয়মিত তার বেগুন ক্ষেত পরিদর্শন করা হয়। তিনি আরো বলেন, মালচিং পদ্ধতিতে বর্ষা মৌসুমে সবজির আবাদ করা হলে সবজির বাম্পার ফলন পাওয়া সম্ভব। মালচিং পদ্ধতিতে চাষাবাদ দেখে অনেক কৃষক এ পদ্ধতিতে সবজি আবাদে আগ্রহ দেখিয়েছেন। এ পদ্ধতি সম্প্রসারণ করতে পারলে বর্ষা মৌসুমে সবজির উৎপাদন বৃদ্ধি পাবে।
পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম এর সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, ফলন বৃদ্ধি করণে উপসহকারি কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কাজ করছে। নতুন চাষ পদ্ধতি সম্প্রসারণ করে আমরা ফসল উৎপাদন বৃদ্ধি করতে চাই। সেই সাথে কৃষকের আয় আমরা বাড়িয়ে দিতে কাজ করছি। মালচিং পদ্ধতিতে সবজি চাষাবাদ করলে জমির আদ্রতা ঠিক থাকে। অল্প খরচে কৃষকের বেশি লাভবান হবে।

