বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে অবস্থিত ‘বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারি সমবায় ইউনিয়ন লিমিটেড- মিল্কভিটার গো-চারণ ভূমিতে ঘাসের পরিবর্তে শসা চাষ করা হচ্ছে । দুগ্ধ সমবায় সমিতির নেতৃবৃন্দ ও মিল্কভিটার কতিপয় অসাধু কর্মকর্তা যোগসাজশে ওই গোচারণভূমি শশা চাষীদের কাছে ইজারা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। চলতি বছরে বৃ-আঙ্গারু গ্রামে প্রায় ১৫০ বিঘা গোচারণ ভূমি শশা চাষীদের ইজারা দেওয়া হয়েছে। এই জমিগুলি সমবায়ীদের মধ্যে গবাদিপশুর কাঁচা ঘাস উৎপাদনের জন্য বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু সেই জমি প্রতি বিঘা জমি ১২ থেকে ১৬ হাজার টাকায় ইজারা দিয়ে শশা চাষ করা হচ্ছে। এরফলে গোচারণভূমি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন গো-খামারিরা।
সরেজমিনে বৃ-আঙ্গারু গ্রাম ঘুরে দেখা গেছে, গোচারণভূমিতে ঘাসের পরিবর্তে শসা চাষ করা হয়েছে। মাঠের পর মাঠ থেকে শতশত মানুষ একযোগে গাছ থেকে শশা তুলে বিক্রির জন্য প্রস্তুত করছেন। শসা চাষী আব্দুল জলিল ও জাবেদ সরকার জানান, তারা স্থানীয় একটি প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতির সভাপতি হাজী আব্দুল লতিফ এবং ম্যানেজার তাহেজ আলির মাধ্যমে ১২ থেকে ১৬ হাজার টাকার বিনিময়ে বাৎসরিক ইজারা নিয়ে শশা চাষ করছেন। জমির শ্রেণী পরিবর্তন করে মিল্কভিটার বিস্তীর্ণ এই গোচারণভূমিতে শশা চাষের নিয়ম আছে কিনা জানতে চাইলে শসা চাষীরা জানান, তারা টাকার বিনিময়ে বাৎসরিক ইজারা নিয়ে শশা চাষ করছেন। অন্যদিকে, শশা চাষী জাহাঙ্গীর আলম জানান, মিল্কভিটার আওতাধীন অন্তত দেড়শত বিঘা জমিতে শশা চাষ হচ্ছে। সবাই মোটা অঙ্কের টাকার বিনিময়ে ইজারা নিয়েই শসা চাষ করছেন।
এ বিষয়ে দক্ষিণ বাঙ্গালপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি হাজি আব্দুল লতিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, কোন শশা চাষীকে ইজারা দেওয়া হয়নি এবং সেখানে কোন প্রকার শশা চাষ হচ্ছে না। অপরদিকে বৃ-আঙ্গারু সরকার পাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড এর ম্যানেজার তাহেজ আলি জানান, তার সমিতি মিল্কভিটা থেকে সামান্য পরিমাণ জমি পেলেও শশা চাষীদের ইজারা দেওয়ার ব্যাপারে তিনি কিছু জানেনা। তবে সমিতির সভাপতি বিঘা প্রতি ৮ থেকে ১০ হাজার টাকার বিনিময়ে শসা চাষীদের কাছে ইজারা দিয়েছেন বলে তিনি শুনেছেন।
এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাঘাবাড়ি মিল্কভিটার উপ- মহা ব্যবস্থাপক ডাঃ মোঃ ছাইদুল ইসলাম জানান, ঘাস চাষের জন্যে গো- চারন ভুমির প্রতি একর জমি বাৎসরিক দুই হাজার টাকার বিনিময়ে গো – খামারিদের ইজারা দিয়েছেন জেলা প্রশাসক । ওই জমিতে ঘাসের পরিবর্তে অন্য কোন ফসল চাষ করার নিয়ম নেই। তিনি আরও জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালিন পাবনা জেলার শাহজাদপুর উপজেলাধীন বুড়ি পোতাজিয়া, দখলবাড়ী, রামকান্তপুর, হাড়নি, রাউতবাড়ী, পশ্চিম খারুয়া, নাগডেমরা, বিলচান্দ, বৃ-আঙ্গারু ও রতনপুর মৌজার আওতায় বিল এলাকার ১১৭৯ দশমিক ৮৩ একর সি এস খতিয়ানভুক্ত খাসজমি রয়েছে। জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর ওই জমি তৎকালিন পূর্ব পাকিস্তান সরকারের নামে এস এ খাস খতিয়ানে রেকর্ড হয়। ১৯৮২ সালে ওই জমির মধ্যে ১০৩০ একর খাস ভূমি গেজেটভুক্ত করে গোচারণ ভূমি হিসেবে ব্যবহার করার জন্য মিল্কভিটার অনুকূলে সরকার নির্ধারিত মূল্যে ইজারা প্রদান করে। পরবর্তীতে সমবায় মন্ত্রনালয়, উপজেলা প্রশাসন ও মিল্কভিটার প্রতিনিধি নিয়ে গঠিত কমিটি গো-চারণ ভূমিগুলো মিল্কভিটার তালিকাভুক্ত প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারি সমবায় সমিতির নামে বরাদ্দ দেয়।

