কামাল সিদ্দিকী: পাবনা শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ারের সামনে থেকে রেজাউল করিম স্বপন নামের এক ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই হয়েছে।
রোববার দুপুর সাড়ে তিনটার দিকে প্রকাশ্য দিবালোকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার রেজাউল করিম স্বপন পেশায় ঠিকাদারী করেন। তিনি সরদার স্বপন ট্রেডার্সের সত্ত্বাধিকারী ও শহরের লাইব্রেরি বাজার আটুয়ার মৃত মোশাররফ হোসেনের ছেলে।
ব্যবসায়ী রেজাউল করিম স্বপন জানান, রোববার ত্রাণ অধিদপ্তরের টেন্ডার দাখিলের নির্ধারিত দিন ছিল। দুপুরে তিনি পাবনা শহরের অগ্রণী ব্যাংক প্রধান শাখা থেকে বিডি জমা দেয়ার জন্য নগদ ৬ লাখ টাকা উত্তোলন করে শহরের আব্দুল হামিদ রোডের শহীদ চত্বর সংলগ্ন ট্রাফিক মোড়ের পাশে লতিফ টাওয়ারের নীচে আসলে ৮/১০ জনের ছিনতাইকারী জটলা পাকিয়ে তার ব্যাগ কেটে টাকাগুলো বের করে নিয়ে সটকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তিনি দেখতে পান ব্যাগ কাটা ও ভিতরে টাকা নেই। ত্রাণ অধিদপ্তরের টেন্ডারের বিডি জমা করতে লতিফ টাওয়ারের স্ট্যান্ডার্ড ব্যাংকে যাচ্ছিলেন।
স্থানীয়রা বলেন, জান ও মালের নিরাপত্তা একেবারেই কমে গেছে৷ জনসম্মুখে কিভাবে প্রকাশ্য ছিনতাই হয়ে গেলো এটা কি ভাবা যায়। রাস্তাঘাট বাড়ি ঘর দোকানপাট হাটবাজার অফিস আদালতে সব জায়গায় এখন নানা ঝুকি নিয়ে আতংক আর উৎকন্ঠা নিয়ে চলতে হচ্ছে।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের সনাক্তে পুলিশ কাজ করছে। আশা করছি অপরাধীরা দ্রুত আইনের আওতায় আসবে।

