স্বামীর সঙ্গে হাঁটতে বেরিয়ে ফেরা হলো না জুলেখার

0
স্বামীর সঙ্গে হাঁটতে বেরিয়ে ফেরা হলো না জুলেখার

বাংলাদেশ প্রতিবেদক: সিরাজগঞ্জের কাজিপুরে ফজরের নামাজ শেষে স্বামীর সঙ্গে হাঁটতে বেরিয়ে ফেরা হলো না জুলেখা খাতুন নামে এক গৃহবধূর। পেছন থেকে আসা বালুর ট্রাকচাপায় নিহত হন জুলেখা। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী হারুন-অর-রশিদ আহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে সিরাজগঞ্জ-কাজিপুর-সোনামুখী আঞ্চলিক মহাসড়কের ছালাভরা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

হতাহতরা উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। আহত হারুন-অর-রশিদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার ফজর নামাজ শেষে জুলেখা ও তার স্বামী হারুন-অর-রশিদ রাস্তায় হাঁটতে বের হন। হাঁটতে হাঁটতে তারা ছালাভরা বাজার এলাকায় পৌঁছলে বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন জুলেখা। গুরুতর আহতবস্থায় জুলেখার স্বামীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাজিপুর থানার ওসি (তদন্ত) লাল মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ফজরের পরে এ ঘটনা ঘটায় ঘাতক ট্রাকটি শনাক্ত করা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।