উলিপুরে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেলো বৃদ্ধের

0
উলিপুরে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেলো বৃদ্ধের

আবুল কালাম আজাদ: কু‌ড়িগ্রামের উলিপুরে পাট ক্ষেতে নিজের হাতে পাতানো শিয়াল মারা বৈদ্যুতিক ফাঁদে ‌বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হা‌কি‌ম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত‌্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ এপ্রিল) সকালে পৌরশহরের নাড়িকেলবাড়ি সন‌্যাসীতলা এলাকায়। নিহত আব্দুল হা‌কিম ওই এলাকার নুরুল হকের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন শেয়ালের দল এসে তার বাড়ির পাশে থাকা পাটক্ষেত ভেঙ্গে ফেলে। শিয়ালের হাত থেকে পাটক্ষেত রক্ষা করতে আব্দুল হাকিম নিজ হাতে বৈদ‌্যু‌তিক ফাঁদ তৈ‌রি করেন। তা পাটক্ষেতে পাতিয়ে রাখেন। আজ বুধবার সকালে অসাবধানতা বসঃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই বৈদ্যুতিক ফাঁদ দেখতে গেলে বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে পাটক্ষেতে পড়ে যান। পরে এলাকাবাসী পাটক্ষেত আব্দুল হাকিমকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম জানান, আব্দুল হাকিম নামের বিদ্যুৎ স্পৃষ্ট এক বৃদ্ধকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

উলিপুর থানার ওসি ‌জিল্লুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলেন, ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়।