বিমল কুন্ডু : সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান । সভায় উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজামান আরিফ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখা’র সভাপতি অসীম কুমার সাহা বানী, সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা , উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, চলতি বছর শাহজাদপুর উপজেলার পৌরসভা সহ ১৩ টি ইউনিয়নের ৯৪ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে । আগামী ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এ উৎসব সম্পন্ন হবে ।

