শাহজাদপুরে রাস্তা থেকে অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

0
শাহজাদপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার দ্বারিয়াপুর মহল্লার বুনাপাড়া থেকে কান্দাপাড়া গ্রামের মোড় পর্যন্ত সরকারি রাস্তা দখল মুক্ত ও সংস্কারের দাবিতে এলাকার শত শত নারী -পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারের অগ্নিবীণা ক্লাব সংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে দুপুর সাড়ে ১২ টা থেকে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আলমগীর হোসেন ,বাবু মিয়া ,জহুরুল ইসলাম, মিজানুর রহমান ,আলিম বিশ্বাস , আলপনা খাতুন প্রমূখ । বক্তারা বলেন , ডিএস রেকর্ড সূত্রে সরকারি খাস খতিয়ান ভুক্ত ওই রাস্তাটি এলাকাবাসী পুরুষানুক্রমে চলাচলের জন্য ব্যবহার করে আসছিলেন। কিন্তু একটি প্রভাবশালী মহল সরকারি রাস্তা ওপর অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করে তা দখল করে রেখেছে। এরফলে ওই রাস্তা দিয়ে চলাচল করা দুর্বিষহ হয়ে পড়েছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলে সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে ১৪ ফিট চওড়া ও ৭’শ ফিট লম্বা ওই রাস্তাটি মাপ -জরিপ করে অবৈধ দখলদারদের উচ্ছেদের নির্দেশ দিলেও অদ্যাবদি তা কার্যকর হয়নি। ফলে ওই রাস্তা দিয়ে এলাকার ২’শটি পরিবারের প্রায় দেড় হাজার মানুষকে যাতায়াতে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বক্তারা আরো বলেন, এই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছেলে-মেয়েদের যাতায়াত করা ও মালামাল পরিবহনে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে । এমনকি এলাকার কেউ মারা গেলে তাকে খাটিয়ায় করে বের বের করা সম্ভব হয় না। বক্তারা অবিলম্বে ওই রাস্তাটি অবৈধ দখলদার মুক্ত করে যথাযথ সংস্কারের দাবি জানান।

মানববন্ধন শেষে রাস্তার দাবীতে একটি বিক্ষোভ মিছিল দ্বারিয়াপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি ) মুশফিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তাটি মাপ জরিপ করা হয়েছে এবং রাস্তার উপরে একটি বহুতল ভবন নির্মাণ করায় ভবন মালিককে উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে।