শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত

0
শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত

বিমল কুন্ডু : “আপনার চোখকে ভালবাসুন , চোখের দৃষ্টি, সবার অধিকার” এ প্রতিপাদ্য নিয়ে শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে শাহজাদপুর চক্ষু হাসপাতাল ও সিএসএফ গ্লোবাল এর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাদা ছড়ি বিতরণ ও সচেতনতামূলক র‍্যালি ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর চক্ষু হাসপাতালের চেয়ারম্যান ও সিএসএফ গ্লোবালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম এ মুহিত। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ রানা , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন ও থানার অফিসার ইনচার্জ আছলাম আলী। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর রাজ্জাক , প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কোরবান আলী লাভলু প্রমুখ।

প্রধান অতিথি প্রফেসর ডঃ এম এ মুহিত বলেন, বাংলাদেশে এখনো লাখো মানুষ প্রতিরোধযোগ্য দৃষ্টিহীনতায় ভুগছেন। প্রাথমিক পর্যায়ে চোখের যত্ন ও সময়মত চিকিৎসা নিলে অধিকাংশ অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব। তিনি আরো বলেন , সিএসএফ গ্লোবাল ও মতিন আই কেয়ার সিস্টেম যৌথভাবে প্রায় ২৫ বছর ধরে প্রত্যন্ত অঞ্চলের মানুষ চোখের চিকিৎসা সেবায় কাজ করছে ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর এম এ মুহিত দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করেন। দুপুর সাড়ে ১২ টায় এক বর্ণাঢ্য র‍‍্যালি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী, বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।