বাংলাদেশ প্রতিবেদক : এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া এবার মূল বেতনের ৫ শতাংশ অথবা সর্বনিম্ম ২ হাজার টাকা করেছে সরকার।
রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, সরকারের ‘বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে’ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার) নির্ধারণ করা হল।
“ভাতা প্রদানের ক্ষেত্রে সব ধরনের আর্থিক বিধি-বিধান মানতে হবে এবং অনিয়ম ঘটলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।”
এর আগে গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করে সরকার। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেয় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোট।
এ সংগঠনের ডাকে গত ১২ অক্টোবর থেকে শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে লংমার্চ ও শাহবাগ মোড় অবরোধের মত কর্মসূচি পালন করছেন।
এখনও তার ২০ শতাংশ বাড়ী ভাড়ার জন্য শহীদ মিনারে অবস্থান করছেন, সেখানে দেশর বিভিন্ন প্রন্ত থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জড়ো হয়ে অবস্থান কর্মসুচি চালু রেখেছেন।

