মুলাদী প্রতিনিধি: মুলাদীতে এক নিরীহ পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। জালপাতাকে কেন্দ্র করে মারামারি ঘটনাকে হামলার ঘটনা সাজিয়ে মুলাদী থানায় মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। উপজেলার চরকালেখান ইউনিয়নের ভেদুরিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। ভেদুরিয়া গ্রামের ছালাম মুন্সী ও তার লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন একই গ্রামের মোকছেদ খান ও তার লোকজন। এঘটনায় ভেদুরিয়া গ্রামের সাধারণ মানুষের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। জানা গেছে, গত ২৩ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে জয়ন্তী নদীর ভেদুরিয়া খেয়াঘাট এলাকায় নদীতে ইলিশ ধরা নিয়ে ছালাম মুন্সীর ছেলে আবু বকর মুন্সী ও মোকছেদ খানের মধ্যে কথার কাটাকাটি ও মারামারি হয়। পরে দুই পক্ষ ভেদুরিয়া খেয়াঘাটে পৌছে তীরে উঠে সংঘর্ষে জড়ায়। ওই সংঘর্ষকে কেন্দ্র করে মোকছেদ খান বাদী হয়ে ছালাম মুন্সীসহ ১৫ জনকে আসামি করে গতকাল শনিবার দুপুরে মুলাদী থানায় মামলা করেন।
ছালাম মুন্সী জানান, গত ২৩ অক্টোবর রাতে তার ছেলে আবু বকর মুন্সী জয়ন্তী নদীতে মাছ ধরতে ছিলেন। ওই সময় তার জালের কাছাকাছি জাল ফেলেন মোকছেদ খান। এনিয়ে আবু বকর মুন্সীর সঙ্গে মোকছেদ খানের কথার কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে দুইজন ভেদুরিয়া খেয়াঘাটে পৌছছে পুনরায় মারামারিতে জড়ায়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার জন্য মোকছেদ খান মুলাদী হাসপাতালে ভর্তি হয়ে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন।
প্রত্যক্ষদশী আমির হোসেন সরদারের ছেলে শরীফ সরদার, লালন খান, ইউসুফ মুন্সী, জুয়েল সরদার, দেলোয়ার খান, সফিকুল সরদার জানান, মাছ ধরাকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটেছে। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটেনি। ছালাম মুন্সীর পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, জয়ন্তী নদীতে মারামারির ঘটনায় এক পক্ষ বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

