গোপালগঞ্জে ধানের শীষের জয়জয়কার: ৩টি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয়

0
গোপালগঞ্জে ধানের শীষের জয়জয়কার: ৩টি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয়

গোপালগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচিত জনপদ গোপালগঞ্জে এক অভাবনীয় রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে আওয়ামী লীগবিহীন মাঠে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রথমবারের মতো পুরো জেলায় ‘ক্লিন সুইপ’ নিশ্চিত করল ধানের শীষ।

গোপালগঞ্জ-১: সেলিমুজ্জামান মোল্লার বড় জয়

মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৮ হাজার ৮৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কাবির মিয়া ট্রাক প্রতীকে ৫৩ হাজার ৯৬১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এই আসনে দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১৪ হাজার ৯০৬।

গোপালগঞ্জ-২: বিদ্রোহী প্রার্থীকে হারিয়ে কে এম বাবরের জয়

গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ এই আসনে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কে এম বাবর। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৪৮ ভোট। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপির দলীয় প্রার্থীর সঙ্গে দলেরই বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর। স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু হরিণ প্রতীকে ৩৩ হাজার ৩৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

গোপালগঞ্জ-৩: টুঙ্গিপাড়ায় এস এম জিলানীর নিরঙ্কুশ আধিপত্য

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে (যা একসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন হিসেবে পরিচিত ছিল) রেকর্ড গড়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী। তিনি ধানের শীষ প্রতীকে ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র প্রামানিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।