জয়নাল আবেদীন: মিথ্যা মামলায় গ্রেফতার করিয়ে মানহানীর অভিযোগ তুলেছেন সদ্য বহিস্কৃত রংপুর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিব।
গতকাল বৃহস্পতিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি জানান, ২০০৯ সালে নগরীর কামাল কাছনাসহ আশপাশ এলাকা ডিসের ব্যবসা করতেন সাবেক যুবদল নেতা গালিব। ২০১৫ সালে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সিটি কাউন্সিলর হারুন অর রশীদ, ২৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নিজামুদ্দিন সুমন ওরফে রেডিও সুমন যোগসাজশ করে গালিবের নামে মিথ্যা মামলা দায়েরসহ গ্রেফতার করায় এবং ওই এলাকার ডিসের ব্যবসা নিয়ন্ত্রণে নেয়। এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়ে গালিব।
গণঅভ্যূত্থানের পর নিজের ডিসের ব্যবসা নিয়ন্ত্রণে নিতে ক্যাবল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের কাছে একাধিকবার যোগাযোগ করে গালিব। ব্যবসা বুঝিয়ে না দিয়ে মিজান উল্টো যুবলীগ নেতা রেডিও সুমনের স্ত্রীকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে গালিবের বিরুদ্ধে ডিস লাইন কেটে দেয়ার অভিযোগ তোলা হয়। এ ঘটনায় গত পহেলা মার্চ ক্যাবল ওয়ান অফিসের কর্মকর্তাদের সাথে যুবদলের কিছু নেতাকর্মীর উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এতে সাবেক যুবদল নেতা গালিব উপস্থিত না থাকলেও তার নামে মামলা দিয়ে গ্রেফতার করানো হয়। সংবাদ সম্মেলনে ক্যাবল ওয়ান অফিসে অনাকাঙ্খিত ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। সাবেক যুবদল নেতা গালিব বলেন, গণঅভ্যূত্থানে যুবলীগের সন্ত্রাসী হারুন অর রশীদ আগ্নেয়াস্ত্র উচিয়ে প্রকাশ্যে আন্দোলনকারীদের গুলি করেছে।
অপরদিকে যুবলীগ নেতা ও ক্যাবল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক মিজান তাদের অফিস থেকে অস্ত্র সরবরাহ ও অর্থ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করেছে। এ ঘটনায় মামলা হলেও অজ্ঞাত কারণে প্রশাসন তাদের গ্রেফতার করেনি। আমি অবিলম্বে যুবলীগ নেতা ও ক্যাবল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মিজানসহ অন্য আসামীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি। সেই সাথে আমি আমার বৈধ ব্যবসা ফেরত চাচ্ছি। উল্লেখ্য, গত পহেলা মার্চ ডিস ব্যবসা নিয়ন্ত্রণে নিতে ক্যাবল ওয়ান অফিসে ঢুকে কর্মকর্তাদের মারধোরসহ হত্যার হুমকি দেয়া যুবদল নেতার ভিডিও ভাইরাল হয়।
এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাদের কর্মকান্ড নিয়ে ব্যাপক সমালোচনার শুরু হয়। এ ঘটনায় অভিযুক্ত জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু ও সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিবকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
সোমবার র্যাব কামাল কাছনা থেকে সাবেক যুবদল নেতা তামজিদুর রশীদ গালিবকে গ্রেফতার করে এবং পরের দিনই তিনি জামিনে মুক্তি পান।

