কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের সদর উপজেলায় এক নাটকীয় ও চাঞ্চল্যকর ঘটনার অবতারণা হয়েছে। একই যুবকের বিরুদ্ধে স্ত্রীর মর্যাদা এবং সন্তানের পিতৃত্বের দাবিতে ঢাকা ও কুমিল্লা থেকে আসা দুই নারী সন্তানসহ ওই যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন। গত রোববার থেকে শুরু হওয়া এই ‘ডাবল’ অবস্থান কর্মসূচিকে ঘিরে পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, আবু হোসেনের ছেলে আপেল মাহমুদ এর বাড়িতে অবস্থান করছেন দুই নারী—শারমিন আক্তার ও হোসনে আরা। তাদের দুজনের সঙ্গেই রয়েছে ছোট শিশু, যাদের তারা আপেল মাহমুদের সন্তান বলে দাবি করছেন।
বাড়িতে অবস্থান নেওয়া দুই নারীর বক্তব্য থেকে উঠে এসেছে দীর্ঘ বঞ্চনার চিত্র:
শারমিন আক্তার: তিনি ঢাকা থেকে এসেছেন। তার দাবি, আপেলের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং তাদের সংসারে আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তিনি বলেন, “আমি শুধু স্ত্রীর স্বীকৃতি আর আমার সন্তানের বাবার নাম চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না।”
হোসনে আরা: কুমিল্লা থেকে আসা এই নারীর দাবি আরও ভয়াবহ। তার সঙ্গে রয়েছে ১৬ মাস বয়সী একটি পুত্রসন্তান। তিনি অভিযোগ করেন, বাড়িতে অবস্থান নেওয়ার পর তাকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করা হয়েছে। সন্তানের ভবিষ্যৎ ও সামাজিক মর্যাদার জন্য তিনিও অনড় অবস্থানে রয়েছেন।
এই বিচিত্র ঘটনা দেখতে মাস্টারপাড়া এলাকায় উৎসুক মানুষের ভিড় উপচে পড়ছে। স্থানীয় বাসিন্দা মকবুল মিয়া জানান, “রোববার থেকে এই দুই নারী এখানে পড়ে আছেন। একই বাড়িতে দুই দাবিদার দেখে সবাই অবাক। বিষয়টি এলাকায় আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছে।”
এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত যুবক আপেল মাহমুদ আত্মগোপনে রয়েছেন। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “আমি লোকমুখে ঘটনাটি শুনেছি। তবে এর সত্যতা এবং আইনি দিকগুলো এখনো খতিয়ে দেখা হয়নি। আমরা চেষ্টা করছি অভিযুক্তের পরিবারের সাথে কথা বলে একটি সুষ্ঠু সমাধানের পথ বের করতে।”

