কলাপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে মহিষের লড়াই বন্ধ

0
কলাপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে মহিষের লড়াই বন্ধ

কলাপাড়া প্রতিনিধ: পটুয়াখালীর কলাপাড়ায় মহিষের লড়াই প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। সোমবার উপজেলার গামুরবুনিয়া ৪ নম্বর ওয়ার্ডে এই মহিষের লড়াইয়ের আয়োজেন ছিল। বরগুনা জেলার আমতলী ও কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নে মহিষ দুটির লড়াই হওয়ার কথা ছিল।

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত থেকেই লড়াই বন্ধে প্রশাসনিক তৎপরতা শুরু হয়। সোমবার সকাল ৭টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, স্থানীয় বন বিভাগের কর্মকর্তা ও ‘অ্যানিমেল লাভার্স পটুয়াখালী’-এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীকে সচেতন করেন। পরে তাদের উদ্যোগে নির্ধারিত মহিষের লড়াই বন্ধ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর ৪ ও ৬(১)(ছ) ধারায় কোনো প্রাণীকে লড়াইয়ের উদ্দেশ্যে প্ররোচিত করা নিষিদ্ধ। একই আইনের ১৬(ক) ধারায় এ ধরনের অপরাধে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এ বিষয়ে চাকামইয়া ইউপি চেয়ারম্যান মো, মজিবর ফকিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নির্বাহী ম্যাজিষ্টেট, সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক বলেন, ইতোপূর্বেও এই মহিষের লড়াই বন্ধ করা হয়ছে। আমরা  মহিষের  লড়াই বন্ধ করতে জনগনকে সচেতন করেছি।