বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকার দুর্নীতির অভিযোগের তদন্ত প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তদন্তে এসে সংশ্লিষ্ট কর্মকর্তা ‘অভিজাত আপ্যায়ন’ ও ‘দামী উপঢৌকন’ গ্রহণ করে ফিরে গেছেন বলে অভিযোগ উঠেছে। ফলে তদন্ত প্রক্রিয়া নিয়েই রীতিমতো হতাশা ব্যক্ত করেছেন অভিযোগকারী।
জানা গেছে, শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর মহল্লার ব্যবসায়ী মোতাহার হোসেন ২০২৫ সালের ১১ আগস্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে ২০২০-২১ ও ২০২৪-২৫ অর্থবছরের একাধিক প্রকল্পের কাজ না করেই প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করেছেন মর্মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন । এর পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার (২৯ মার্চ) সকালে উক্ত অভিযোগ সমূহের তদন্তে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (প্রসাশন) মো. আব্দুর রশিদ ও সিরাজগঞ্জ জেলার ডিআরও আব্দুল বাছেদ।
ব্যবসায়ী মোতাহার হোসেনের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে , দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থ বছরের নদী ভাঙ্গন এলাকার ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ বরাদ্দকৃত ৪৬ লাখ টাকা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের মাটি ভরাট বাবদ ১৫০ মে. টন গম, ২০২৪-২৫ অর্থ বছরের কাবিটা এবং টিআর কর্মসূচির মোট বরাদ্দের ২০% রিজার্ভ ১ কোটি ২৩ লাখ ৮২ হাজার টাকা, কাবিখা ২০% রিজার্ভসহ মোট ২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাৎ করেন পিআইও আবুল কালাম আজাদ। অভিযোগকারী মোতাহার হোসেন জানান, তদন্ত কর্মকর্তারা সকাল থেকে দুপুর পর্যন্ত পিআইও আবুল কালাম আজাদকে নিয়ে তার অফিস কক্ষে দীর্ঘ গোপন মিটিং করেন ও কিছু ফাইল ও কাগজপত্র দেখেন। এরপর তদন্ত কর্মকর্তা অভিযুক্তকে সাথে নিয়ে উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া গ্রামের দুটি প্রকল্পের কাজ ঘুরে দেখেন। সেখানে অভিযুক্ত পিআইও কর্তৃক আগে থেকে ঠিক করে রাখা গ্রামবাসীর সাথে কথা বলে তারা শহরে ফিরে আসেন। এরপর তদন্ত কর্মকর্তা আব্দুর রশিদ স্থানীয় রবীন্দ্র কাছারিবাড়ি পরিদর্শন করে শাহজাদপুরের পিপিডি মোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে খাওয়া দাওয়া করেন এবং উপহার সামগ্রী ও উপঢৌকন নিয়ে সেখান থেকে বিদায় নেন ।
এদিকে দুর্নীতির তদন্তে এসে গোপন বৈঠক এবং অভিজাত হোটেলে খাওয়া দাওয়া এবং শাহজাদপুর পিআইও’ অফিসের স্টাফ আলতাফ হোসেনের মাধ্যমে উপহার সামগ্রী গ্রহণের বিষয় নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অভিযোগকারী মোতাহার হোসেন বলেন, তাকে ফোনে না পাওয়ার অজুহাতে তার বক্তব্য ছাড়াই তদন্ত সম্পন্ন করার চেষ্টা চলে। খবর পেয়ে তিনি পিপিডি মোটেলে গিয়ে তদন্ত কর্মকর্তা আব্দুর রশিদের সাথে দেখা করেন। এ সময় তদন্ত কর্মকর্তা তার কাছে লিখিত বক্তব্য চান। মোতাহার হোসেন স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান , তিনি তদন্ত কর্মকর্তাকে বলেছেন, আমার অভিযোগপত্রেই দুর্নীতির বিস্তারিত বিবরণ উল্লেখ করা আছে। আপনার আরও যদি কোনো কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করেন আমি উত্তর দেবো। এ সময় আমাকে ঢাকায় তার অফিসে সশরীরে হাজির হয়ে অথবা ডাকযোগে তার কাছে লিখিত বক্তব্য পাঠিয়ে দেওয়ার পরামর্শ দিয়ে বিদায় করে দেন।’
মোতাহার হোসেন হতাশা প্রকাশ করে বলেন, ‘আমার অভিযোগের তদন্তে এসে আমার কথা না শুনে উনি কি তদন্ত করবেন। উনি তো আগেই পিআইওর অর্থের কাছে ম্যানেজ হয়ে গেছেন।’ দুর্নীতিবাজ পিআইও আবুল কালাম আজাদের সাথে গোপন মিটিং সেরে চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অভিযোগকারী মোতার হোসেন। তিনি আরো জানান, তার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে এসে উল্টো আবারও আমার কাছে লিখিত চাওয়ার অর্থ পিআইওকে কৌশলে রক্ষা করার প্রক্রিয়া বলে তিনি মনে করেন।
এদিকে তদন্ত কর্মকর্তা আব্দুর রশীদকে দেওয়া উপহার সামগ্রীর বিষয়ে পিআইও অফিসের স্টাফ আলতাব হোসেনের কাছে জানতে চাইলে তিনি এসব বিষয়ে প্রশ্ন না করার অনুরোধ করে বলেন, ‘আমরা এমনিতেই বেকায়দায় আছি। আমাকে আর নতুন করে কোন ঝামেলায় ফেলাবেন না ফেলবেন না। অন্যদিকে পিপিডি মোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে উপস্থিত গণমাধ্যম কর্মীরা আব্দুর রশীদের তদন্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কোনো কথা বলবো না। এই বলে তিনি দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন। এদিকে লোক দেখানো তদন্ত প্রক্রিয়ায় এলাকাবাসীর মধ্যে প্রশ্ন জেগেছে পিআইও আবুল কালাম আজাদের খুঁটির জোর কোথায় ?

