কাভার্ড ভ্যান চালককে পুলিশের মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ, ৪ ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক

0
কাভার্ড ভ্যান চালককে পুলিশের মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ, ৪ ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানের এক চালককে পুলিশের মারধরের অভিযোগ তুলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পরিবহনের চালকেরা। এতে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আজ বুধবার দুপুরে উপজেলার জৈনা বাজার এলাকায় চালককে মারধরের ঘটনা ঘটে। বিক্ষোভকারী কাভার্ড ভ্যানচালক মনিরুল ইসলাম বলেন, জ্বালানি তেল নেওয়ার জন্য কাভার্ড ভ্যানের চালক মো. রিয়াজ উদ্দিন মহাসড়কঘেঁষে সিরিয়ালে গাড়ি রেখে নামাজে যান। এ সময় হাইওয়ে পুলিশ এসে তাঁর গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে। চালক এসে বাধা দিলে মোটা একটি বাঁশের লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মেরে গুরুতর আহত করে। চালক মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের চালকেরা এগিয়ে এসে প্রতিবাদ করেন। তাৎক্ষণিকভাবে অনেক চালক জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন।

পরে পুলিশ স্থানীয় নেতৃবৃন্দরা মিলে সবাইকে বুঝিয়ে সাড়ে পাচঁটার দিকে যানচলাচল স্বাভাবিক করেন। এতে প্রায় ৪ ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মহাসড়কের লেন দখল করে গাড়িগুলো জ্বালানি নেওয়ার জন্য লাইন ধরে। মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার সময় চালকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। মারধরের বিষয়টি সঠিক নয়।