৪ বছরের প্রেম, ৫ সন্তানের জননী এখন প্রেমিকের বাড়িতে অনশনে: জামালপুরে তোলপাড়

0
৪ বছরের প্রেম, ৫ সন্তানের জননী এখন প্রেমিকের বাড়িতে অনশনে: জামালপুরে তোলপাড়

জামালপুর প্রতিনিধিঃ পটুয়াখালী থেকে জামালপুরের মাদারগঞ্জে বিয়ের দাবিতে হাজির হয়েছেন পাঁচ সন্তানের জননী এক নারী। গত সোমবার (১৩ এপ্রিল) বিকেল থেকে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাঁশদাইড় এলাকায় প্রেমিক কাজলের (২২) বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। তবে প্রেমিকার আসার খবর পেয়েই বাড়ি ছেড়ে সপরিবারে আত্মগোপনে গেছেন কাজল।

অনশনরত নারীর নাম চম্পা (৪১)। তিনি পটুয়াখালীর রানাগাছা এলাকার সানু মিয়ার মেয়ে। চম্পা জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় তার বিয়ে হয়েছিল এবং সেখানে তার পাঁচটি সন্তান রয়েছে। তবে চার বছর আগে কাজলের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের টানেই তিনি আগের স্বামীর সাথে বিবাহবিচ্ছেদ ঘটান।

চম্পার দাবি, কাজল সবকিছু জেনেশুনেই তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তিনি বলেন,”আমি কাজলকে বারবার বলেছিলাম, তুমি অবিবাহিত, আমি বিবাহিত এবং বয়সে বড়। কিন্তু ও শোনেনি। ও আমাকে মোবাইলে ‘কবুল’ বলে বিয়েও করেছে, যদিও কাবিন হয়নি। গত ৯ তারিখ কাজলই আমাকে ফোন করে আসতে বলেছিল। এখন এসে দেখি সে পালিয়েছে। এবার আমি বিয়ে না করে যাবো না।”

বিষয়টি নিশ্চিত করে আদারভিটা ইউপি সদস্য সুজন পারভেজ জানান মেয়েটি অনেক দূর থেকে এসেছে, অবশ্যই ছেলের দোষ আছে। ছেলের পরিবারের লোকজনকে খুঁজে বের করে বিয়ের মাধ্যমে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, বিষয়টি তিনি এখনও আনুষ্ঠানিকভাবে জানেননি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই অসম বয়সের প্রেম এবং বিয়ের দাবিতে অনশনের ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।