গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় তানভীর ইসলাম আরিয়ান নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের আনসার রোড এলাকার কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত তানভীর ইসলাম আরিয়ান(৮) দিনাজপুর জেলার কতোয়ালী থানার বালুবাড়ি এলাকায় গার্মেন্টসকর্মী স্বজল ইসলামের ছেলে। সে স্থানীয় জনৈক রফিকুল ইসলামের বাড়িতে বাবা মায়ের সঙ্গে থেকে কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করতেন।
নিহতের বাবা স্বজল ইসলাম বলেন, সকালে বাসা থেকে স্কুলে যায়। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলো। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান পিছনে দিকে যেয়ে পাশে থাকা একটি সিমেন্টের সীমানা পিলার এর সাথে তাকে চাপা দেয়। এতে তার মাথা শরীর থেঁতলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কেওয়া পূর্বখণ্ড সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, আরিয়ান স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আজ স্কুল ছুটি হওয়ার পর রাস্তায় পাশে দাঁড়ায় রাস্তা পার হতে। সেখানে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যান ঘুরানোর জন্য পিছনের দিকে দিলে পাশে থাকা সীমানা পিলার সঙ্গে চাপা পড়ে। এতে মাথা পুরোপুরি থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

