পারমাণবিক যুগে বাংলাদেশ: রূপপুরে শুরু হচ্ছে ঐতিহাসিক ‘ফুয়েল লোডিং’

0
পারমাণবিক যুগে বাংলাদেশ: রূপপুরে শুরু হচ্ছে ঐতিহাসিক ‘ফুয়েল লোডিং’

স্বপন কুন্ডুঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার থেকে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হচ্ছে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম। দুপুরের এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে পদ্মা পাড়ের ঈশ্বরদীতে এখন সাজ সাজ রব, বইছে উৎসবের আমেজ।

আজ দুপুর ৩টায় প্রকল্প এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই জ্বালানি লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাফায়েল গ্রসি মহাপরিচালক, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)। অ্যালেক্সি লিখাচেভ মহাপরিচালক, রোসাটম (রাশিয়া)। আনোয়ার হোসেন সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম ইউনিটের এই ফুয়েল লোডিং সফল হলে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় এক বিশাল মাইলফলক।

“বিশ্বজুড়ে জ্বালানি সংকটের এই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে রূপপুর প্রকল্পের এই অগ্রগতি দেশের বিদ্যুৎ খাতের জন্য এক বড় প্রাপ্তি। এর ফলে গ্রিডে বাড়তি বিদ্যুৎ যুক্ত হবে এবং লোডশেডিংয়ের অবসান ঘটবে।” – বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব

এই প্রকল্পকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান (কুল ময়েজ) মনে করেন, নিরাপদ বিদ্যুৎ সরবরাহ কৃষি সেচে বিপ্লব ঘটাবে। স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, প্রকল্পটি পূর্ণাঙ্গ চালু হলে এলাকায় নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং স্থানীয় অর্থনীতি চাঙা হবে। ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী তাসিমের মতে, রূপপুর প্রকল্প আধুনিক ও প্রযুক্তিগত বাংলাদেশের এক গর্বিত প্রতীক।

২০১৭ সালের ৩০ নভেম্বর শুরু হওয়া এই মহাযজ্ঞ এখন চূড়ান্ত ধাপের দিকে। চলতি মাসের ১৬ তারিখে ‘কমিশনিং লাইসেন্স’ পাওয়ার পর আজকের জ্বালানি লোডিং কার্যক্রম বিদ্যুৎ উৎপাদনের পথে শেষ প্রধান ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।