কেশবপুর প্রতিনিধি: হানি ট্র্যাপ ও প্রতারণা চক্রের মূলহোতা রেশমা বেগম কর্তৃক সাংবাদিক রাজিব চৌধুরীকে গালিগালাজ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকির প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে কেশবপুর শহরের গাজীর মোড় চত্বরে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার কেশবপুর প্রতিনিধি ওয়াজেদ খান সাংবাদিক আশরাফুজ্জামান, সাংবাদিক এনটিভির প্রতিনিধি ইনামুল হাসান, সাংবাদিক দৈনিক বাংলার প্রতিনিধি হারুনার রশীদ বুলবুল, মানবাধিকার কর্মী ও সাংবাদিক শামীম আখতার মুকুল, প মানবকণ্ঠ প্রতিনিধি জিএম মিন্টু এবং প্রদীপ কুমার মোদকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের হুমকি ও হয়রানিমূলক আচরণ অত্যন্ত নিন্দনীয়।
তারা অবিলম্বে অভিযুক্ত রেশমা বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ওয়াজেদ খান বিপ্লব বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ কিংবা ভয়ভীতি প্রদর্শনের যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।
দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এ বিষয়ে কেশবপুর থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, সাংবাদিক রাজিব চৌধুরীকে হুমকির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জি এম মিন্টু

