
নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলায় গভীর রাতে এক রোমাঞ্চকর অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ চার অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কার ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে আরও এক অপরাধী পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০) পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।
লালপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে লালপুর থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। পুলিশ জানতে পারে, একটি প্রাইভেট কারে করে অস্ত্রের একটি বড় চালান লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক দিয়ে পার হচ্ছে।
খবর পাওয়ামাত্রই পুলিশ উপজেলার পালিদেহা গ্রামে আক্কাস মেম্বারের বাড়ির সামনে ওত পেতে থাকে। গাড়িটি নির্দিষ্ট এলাকায় পৌঁছানোমাত্রই চারপাশ থেকে ঘিরে ফেলে পুলিশ। এ সময় গাড়িতে থাকা চারজনকে তৎক্ষণাৎ আটকে ফেলা হলেও অন্ধকারে একজন কৌশলে পালিয়ে যায়।
আটককৃতদের গাড়ি ও দেহ তল্লাশি করে পুলিশ উদ্ধার করে ১টি আধুনিক বিদেশি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলি, ২টি লোহার তৈরি কালো রঙের ম্যাগাজিন, ৬টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন
গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে তিনজনের বাড়ি পাবনায় এবং একজনের বাড়ি নাটোরে। তারা হলেন মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০) (সদস্য, ঈশ্বরদী উপজেলা যুবদল), পশ্চিম টেংরী, ঈশ্বরদী, পাবনা। সামিউল ইসলাম (৪৬), পশ্চিম টেংরী, ঈশ্বরদী, পাবনা। কাজল (৪০), পশ্চিম টেংরী, ঈশ্বরদী, পাবনা। মনিরুজ্জামান (৩৯), গৌরীপুর, লালপুর, নাটোর।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে অস্ত্রসহ হাতেনাতে ধরা পড়ার পর আসামিদের বিরুদ্ধে লালপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি শফিকুল ইসলাম বলেন “অস্ত্রের উৎস কী এবং এগুলো কোনো বড় ধরনের নাশকতা বা অপরাধমূলক কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।”
