পূর্বাচলের প্লট আত্মসাৎ ও অর্থ পাচারের দুই মামলা: সাবেক বিচারপতি মানিকের জামিন নাকচ

0
পূর্বাচলের প্লট আত্মসাৎ ও অর্থ পাচারের দুই মামলা: সাবেক বিচারপতি মানিকের জামিন নাকচ

আদালত প্রতিবেদকঃ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজউকের প্লট আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুই মামলায় সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ উভয় পক্ষের শুনানি শেষে কারাবন্দি সাবেক এই বিচারপতির জামিন আবেদন খারিজ করে আদেশ দেন।

আইনি নথি অনুযায়ী, গত বছরের ১১ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ প্রথম মামলাটি দায়ের করেন সংস্থার উপ-সহকারী পরিচালক পাপন কুমার শাহ।

এই মামলার বিবরণীতে বলা হয়েছে, বিচারপতি হিসেবে কর্মরত থাকাকালীন শামসুদ্দিন চৌধুরী মানিক নিজের পদের অপব্যবহার করে অসাধু উপায়ে ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন, যা তাঁর বৈধ আয়ের উৎসের সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। শুধু তাই নয়, এই অবৈধ আয়ের মালিকানা নিজের দখলে রাখা এবং পরবর্তীতে তা রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে বিদেশে পাচার করার সুনির্দিষ্ট অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

একই দিনে (১১ সেপ্টেম্বর) দুদকের অপর উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন প্লট আত্মসাতের অভিযোগে দ্বিতীয় মামলাটি দায়ের করেন। এই মামলার বিবরণী থেকে জানা যায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিয়ম অনুযায়ী, রাজউক অধিক্ষেত্রে আগে থেকে কারও বাড়ি বা ফ্ল্যাট থাকলে তিনি নতুন প্লট পাওয়ার যোগ্য নন। আবেদনকারীকে এই মর্মে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত হলফনামা দিতে হয়। কিন্তু শামসুদ্দিন চৌধুরী মানিকের বাড্ডা থানার ভাটারা মৌজায় পৈতৃক ও ক্রয়কৃত জমি এবং নির্মাণাধীন বাড়ি থাকা সত্ত্বেও তিনি তথ্য গোপন করে মিথ্যা হলফনামা জমা দেন।

পরবর্তীতে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজউকের তৎকালীন চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ) মো. আবু বকর সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার এবং সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম লিজ দলিলের শর্ত ভঙ্গ করে কাশমিরি কামাল নামের এক নারীকে আমমোক্তার (পাওয়ার অব অ্যাটর্নি) হিসেবে অনুমোদন দেন। পরে ওই প্লটটি ৫০ লাখ টাকায় বিক্রি দেখিয়ে তা নামজারির অনুমোদন দেন রাজউকের তৎকালীন সদস্য আব্দুল হাই ও সাবেক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া। আমমোক্তার কাশমিরি কামালও প্রতারণামূলকভাবে মিথ্যা অঙ্গীকারনামা দিয়ে জমিটি নিজের নামে হস্তগত করেন। আসামিরা সবাই পরস্পর যোগসাজশে সরকারি প্লট আত্মসাতের এই অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শামসুদ্দিন চৌধুরী মানিক। রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতার সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁকে আটক করে।

পরদিন ২৪ আগস্ট ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর সিলেটের একটি আদালত এই মামলায় তাঁর জামিন মঞ্জুর করলেও ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে জুলাই গণ-অভ্যুত্থান কেন্দ্রিক একাধিক হত্যা ও অন্যান্য মামলা থাকায় তিনি কারামুক্ত হতে পারেননি। এরপর তাঁকে সিলেট কারাগার থেকে ঢাকায় স্থানান্তর করা হয় এবং তখন থেকে তিনি কারাগারে চিকিৎসাধীন ও বন্দি অবস্থায় রয়েছেন।