ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ

0
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ এস এম রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র মাওনা চৌরাস্তাকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও নিরাপদ এলাকায় পরিণত করতে প্রশাসন, ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে মাওনা হাইওয়ে থানা ও কমিউনিটি পুলিশের উদ্যোগে ব্যবসায়ী, বাজার মালিক ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্যতম ব্যস্ত এলাকা হওয়ায় প্রতিদিন হাজারো যানবাহন মাওনা চৌরাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু অনিয়ন্ত্রিত যান চলাচল, অবৈধ পার্কিং, ফুটপাত দখল, রাস্তার ওপর দোকান বসানো, ব্যাটারিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলারের বেপরোয়া চলাচল এবং যত্রতত্র যানবাহন থামানোর কারণে এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অফিস ছুটির সময় ও সন্ধ্যার পর সাধারণ মানুষের ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়।

এ ছাড়া মহাসড়কের ওপর, উড়ালসেতুর পাশে ও বিভিন্ন খোলা স্থানে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণ বাড়ছে। কোথাও কোথাও আবর্জনার স্তূপ জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। ড্রেন ও সড়কের পাশে জমে থাকা বর্জ্যের কারণে বৃষ্টির সময় জলাবদ্ধতাও সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, মাওনা চৌরাস্তা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও যোগাযোগকেন্দ্র। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষের চলাচলের কারণে এখানে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু প্রশাসনের একার পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসানো, যেখানে-সেখানে ময়লা ফেলা এবং ট্রাফিক আইন অমান্যের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, পথচারীসহ সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ সচেতন হলে মাওনা চৌরাস্তাকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করা সম্ভব হবে।

একই সঙ্গে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমেদ, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং জেলা পুলিশ গাজীপুরের টিআই প্রশাসন মো. হামিদুজ্জামান।

মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সভাপতি ও শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব মো. বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন প্রধান।

বক্তারা বলেন, মাওনা চৌরাস্তার দীর্ঘদিনের সমস্যা সমাধানে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করা, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, বাজার এলাকার পরিবেশ ঠিক রাখা, রাস্তার ওপর দোকানপাট না বসানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশকে সহযোগিতা করা জরুরি।

এ সময় শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান এস এম মাহফুল হাসান হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, বাজার মালিক, কমিউনিটি পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, এ মতবিনিময় সভা থেকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে মাওনা চৌরাস্তার দীর্ঘদিনের যানজট, পরিবেশ দূষণ ও বিশৃঙ্খল পরিস্থিতির স্থায়ী সমাধান হবে।