কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে এক চাঞ্চল্যকর ও দুঃসাহসিক হামলার ঘটনা ঘটেছে। মামলায় হাজিরা দিতে আসা ঝিলংজা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা লিয়াকত আলী সিকদারকে টার্গেট করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় লিয়াকত আলী ও তার এক ভাই গুলিবিদ্ধ হয়েছেন। তবে উপস্থিত জনতার সাহসিকতায় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ হাতেনাতে আটক করা হয়েছে দুই হামলাকারীকে।
আজ রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে আদালত প্রাঙ্গণের দক্ষিণ পাশের প্রধান চলাচলের রাস্তায় এ ঘটনা ঘটে। কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধরা হলেন— কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী সিকদার এবং তার চাচাতো ভাই মোহাম্মদ মহিউদ্দিন।
ঘটনাস্থলে উপস্থিত থাকা লিয়াকত আলীর ছোট ভাই মোহাম্মদ জায়েদ জানান, রোববার তার বড় ভাইয়ের একটি মামলার হাজিরার দিন ধার্য ছিল। সকালে তারা আইনানুযায়ী এজলাসে যাওয়ার জন্য আদালত প্রাঙ্গণের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় হঠাৎ ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল লিয়াকতকে অবরুদ্ধ করে খুব কাছ থেকে গুলি ছুড়তে শুরু করে।
লিয়াকত আলী মুহূর্তের মধ্যে দৌড়ে আদালতের মূল ভবনের অভ্যন্তরে ঢুকে আত্মরক্ষা করেন। তবে ততক্ষণে তিনি ও তার ভাই মহিউদ্দিন গুলিবিদ্ধ হন। গুলির শব্দে পুরো আদালত পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে থাকা আইনজীবী ও বিচারপ্রার্থীরা একজোট হয়ে হামলাকারীদের ধাওয়া করেন এবং দুই শুটারকে একটি বিদেশি পিস্তল ও তাজা গুলিসহ বাগে পান। বাকি হামলাকারীরা একটি সাদা রঙের ভক্সি মাইক্রোবাস ও মোটরসাইকেলে চড়ে চোখের পলকে চম্পট দেয়।
এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল দাবি করে মোহাম্মদ জায়েদ বলেন, “রাজনৈতিক কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ‘খালেক বাহিনী’র সঙ্গে আমার ভাই লিয়াকতের দীর্ঘদিনের বিরোধ চলছে। আজকে আদালত প্রাঙ্গণে খালেক নিজেই তার দলবল নিয়ে আমার ভাইকে শেষ করে দিতে এসেছিল।”
গুলির খবর পেয়েই আদালত চত্বরে ছুটে যায় পুলিশের বিশাল দল। অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, “আদালত প্রাঙ্গণে গুলিবর্ষণের পরপরই পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রণে নেয়। বিক্ষুব্ধ জনতার সহায়তায় দুই হামলাকারীকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করা হয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের কারণে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।”
তিনি আরও জানান, গুলিবিদ্ধ দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধান এবং পলাতক বাকি আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

