শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া – নগরবাড়ি মহাসড়কে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ ৩ জন নিহত হয়েছে।
সোমবার (২৫ মে) দুপুরে উপজেলা সদরের দিলরুবা বাসস্ট্যান্ডের অদুরে বগুড়া -নগরবাড়ি মহাসড়কে সিএনজি ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়েসহ দুইজন নিহত হন। নিহতরা হলেন, মিতা খাতুন (৩৩) ও তাঁর মেয়ে সারা খাতুন (৭)। এছাড়া ওই দুর্ঘটনায় স্বামী দেলোয়ার হোসেন সবুজ ( ৪০), মেয়ে সোহা খাতুন (১২) ও ছোট ছেলে আয়ান (৪) গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দেলোয়ার হোসেন ও সোহা খাতুনকে সিরাজগঞ্জ হাসপাতালে এবং আয়ানকে আশংকাজনক অবস্থায় ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে একইদিন সকাল ১০ টার দিকে উপজেলার মশিপুর গ্রাম সংলগ্ন বগুড়া-নগরবাড়ি মহাসড়ক পারাপারের সময় মোহাম্মদ আলী (৮) নামে এক শিশু ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৫ মে) সকাল ১১ টার দিকে উপজেলা সদরের দিলরুবা বাসস্ট্যান্ড থেকে দেলোয়ার হোসেন সবুজ (৪০) তার স্ত্রী মিতা খাতুন (৩৩), দুই মেয়ে সারা খাতুন (১২) ও সোহা খাতুন (৭) এবং ছোট ছেলে আয়ান (৪) কে নিয়ে সিএনজিযোগে পাবনা জেলার সাথিয়া উপজেলার হলুদগড় গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। একপর্যায়ে সিএনজিটি ২’শ দুরে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি নসিমনের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এসময় সিএনজিতে থাকা একই পরিবারের ৫ সদস্য ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সোহা খাতুন কে মৃত বলে ঘোষণা করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সিরাজগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মিতা খাতুন মারা যান। অন্যদিকে আশংকাজনক অবস্থায় শিশু আয়ানকে ঢাকা শিশু হাসপাতলে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, পৃথক দুই সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি ট্রাক,একটি নসিমন ও সিএনজি জব্দ করা হয়েছে। তিনি আরো জানান হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের মাধ্যমে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা রজু করা হয়েছে

