অভয়নগরে সাবেক শ্বশুরালয়ের সামনে যুবক অগ্নিদগ্ধ: হত্যাচেষ্টা নাকি আত্মহত্যার চেষ্টা, ধোঁয়াশা!

0
অভয়নগরে সাবেক শ্বশুরালয়ের সামনে যুবক অগ্নিদগ্ধ: হত্যাচেষ্টা নাকি আত্মহত্যার চেষ্টা, ধোঁয়াশা!

শহিদুল ইসলামঃ যশোরের অভয়নগরে সাবেক শ্বশুরবাড়ির সামনে রুবেল হোসেন (২৯) নামে এক যুবক অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আগুনে যুবকের শরীরের প্রায় অর্ধেকই ঝলসে গেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তবে ঘটনাটি পরিকল্পিত হত্যাচেষ্টা নাকি আবেগতাড়িত আত্মাহুতির প্রয়াস—তা নিয়ে সৃষ্টি হয়েছে পাল্টাপাল্টি দাবি।

শুক্রবার (২৯ মে) সকাল ৮টার দিকে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বাহিরঘাট গ্রামে সাবেক শ্বশুর আকবর হোসেনের বাড়ির সামনে এই শিউরে ওঠার মতো ঘটনা ঘটে। দগ্ধ রুবেল হোসেন একই ইউনিয়নের মহাকাল গ্রামের আশরাফ আলী মোড়লের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জেরে দুই বছর আগে রুবেল হোসেনকে ডিভোর্স (তালাক) দেন তার স্ত্রী পারভীন বেগম। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। তবে বিচ্ছেদের পরও রুবেল বারবার পারভীনকে নিজের সংসারে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে তিনি সাবেক শ্বশুরবাড়িতে যান।

পারভীন বেগমের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের দাবি, রুবেল তার সাবেক স্ত্রীকে পুনরায় ঘর বাঁধার অনুরোধ করলে পারভীন তাতে সাফ অনীহা প্রকাশ করেন। এতে চরম ক্ষিপ্ত ও হতাশ হয়ে রুবেল সঙ্গে করে আনা বোতলভর্তি পেট্রোল নিজের শরীরে ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে জীবন বাঁচাতে তিনি চিৎকার করতে করতে পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে ভিন্ন ও বিস্ফোরক দাবি করেছেন অগ্নিদগ্ধ রুবেল হোসেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি অভিযোগ করেন, “সাবেক শ্বশুরবাড়ির লোকজন আমাকে পরিকল্পিতভাবে বেধড়ক মারধর করেছে। এরপর আমাকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।” যন্ত্রণার তীব্রতা সইতে না পেরে জরুরি বিভাগের চিকিৎসকের কাছে বারবার আকুতি জানিয়ে রুবেল বলছিলেন, “আমার খুব কষ্ট হচ্ছে, দয়া করে আমাকে একটু অজ্ঞান করার ব্যবস্থা করুন।”

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শোভন বিশ্বাস জানান, আগুনে রুবেলের শরীরের প্রায় ৪৫ শতাংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিসহ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) স্থানান্তর করা হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা দগ্ধ রুবেল এবং উপস্থিত প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি ও প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। এটি আসলেই নৃশংস হত্যাচেষ্টা নাকি নিজের গায়ে আগুন দেওয়ার ঘটনা, তা উদঘাটনে নিবিড় তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”