বিএসএফের ‘পুশইন’ চেষ্টা নস্যাৎ: লালমনিরহাট সীমান্তে বিজিবির কঠোর প্রতিরোধে পিছু হটল ভারতীয় বাহিনী

0
বিএসএফের ‘পুশইন’ চেষ্টা নস্যাৎ: লালমনিরহাট সীমান্তে বিজিবির কঠোর প্রতিরোধে পিছু হটল ভারতীয় বাহিনী

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের তিনটি পৃথক সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতন্দ্র প্রহরা ও স্থানীয় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে ভারতীয় বাহিনীর সেই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৫ জুন) ভোররাতে জেলার হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির তীব্র বাধার মুখে পুশইনের শিকার ব্যক্তিরা বর্তমানে ভারতীয় সীমানার শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন।

সীমান্তবর্তী বাসিন্দা ও বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোরের আলো ফোটার আগেই সুপরিকল্পিতভাবে লালমনিরহাটের তিন উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায় বিএসএফ।

হাতীবান্ধা সীমান্ত: উপজেলার বড়খাতা বিওপির (Border Outpost) আওতাধীন এলাকা দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা করা হয়।

পাটগ্রাম সীমান্ত: উপজেলার পয়ষট্টিবাড়ী বিওপি এলাকা দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা চালানো হয়।

আদিতমারী সীমান্ত: উপজেলার দুর্গাপুর দীঘলটারী সীমান্ত দিয়ে আরও ১২ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ।

সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি জওয়ানরা বিএসএফের এই অনৈতিক তৎপরতা টের পেয়ে দ্রুত অ্যাকশনে যান। খবর পাওয়ার সাথে সাথেই সংশ্লিষ্ট বিওপির জোয়ানরা ঘটনাস্থলে পৌঁছে রণকৌশলগত অবস্থান নেন। একই সাথে সীমান্ত পাহারা দেওয়া জাগ্রত গ্রামবাসীরাও বিজিবির সাথে যোগ দেন।

“বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয় গ্রামবাসীদের ইস্পাতকঠিন প্রতিরোধের মুখে বিএসএফ তাদের পুশইনের পরিকল্পনা থেকে পিছু হটতে বাধ্য হয়। তবে অনুপ্রবেশের শিকার হওয়া ৩৩ জন অসহায় মানুষ এখনো ভারতের অভ্যন্তরে শূন্যরেখায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।”

এই ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেল থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় “সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন সম্পূর্ণ রুখে দিতে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে (হাই অ্যালার্ট) রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

বর্তমানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সীমান্ত এলাকাগুলোতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।