আধুনিক প্রযুক্তিতে পশু জবাইয়ের যুগে মুন্সিগঞ্জ ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পশু জবাইখানার উদ্বোধন

0
আধুনিক প্রযুক্তিতে পশু জবাইয়ের যুগে মুন্সিগঞ্জ ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পশু জবাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ পৌরসভার উদ্যোগে জেলার মুন্সিরহাট এলাকায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পশু জবাইখানার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষামূলকভাবে গরু জবাইয়ের মাধ্যমে অত্যাধুনিক এ স্থাপনাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী।

পৌর প্রশাসক মৌসুমী মাহবুব-এর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আধুনিক প্রযুক্তিনির্ভর এই জবাইখানায় স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে মাত্র ১০ মিনিটের মধ্যে একটি পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। এতে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করা সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক পশু জবাইখানা চালুর মাধ্যমে মুন্সিগঞ্জে মাংস প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থায় নতুন যুগের সূচনা হলো। এটি নগরবাসীর জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, সারাদেশে নির্মিত ১৩টি আধুনিক পশু জবাইখানার মধ্যে মুন্সিগঞ্জের এই স্থাপনাটি অন্যতম। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ দেশের অন্যান্য পৌরসভা ও সিটি করপোরেশনের জন্যও একটি অনুসরণীয় মডেল হিসেবে বিবেচিত হবে।