তাহিরপুর প্রতিনিধি: দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার এলাকায় গিয়ে চরম ভোগান্তির মুখে পড়ছেন পর্যটকরা। প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত এই স্থানে বর্তমানে কোনো ব্যবহারযোগ্য পাবলিক টয়লেট না থাকায় বিশেষ করে নারী,শিশু ও বয়স্ক দর্শনার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
জানা যায়,২০০০ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে ওয়াচ-টাওয়ার এলাকায় হাই ও লো কমোড সম্বলিত একটি পাবলিক টয়লেট নির্মাণ করা হয়। তবে নির্মাণের পর থেকেই সেটি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা টয়লেটটিতে একাধিকবার চুরি ও ভাঙচুরের ঘটনাও ঘটে।পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে পুরাতন টয়লেটটি সংস্কার এবং পর্যটকদের সুবিধার্থে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আরও একটি নতুন টয়লেট নির্মাণ করা হয়। কিন্তু রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার অভাবে সেই উদ্যোগও কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারেনি।
সম্প্রতি পুরাতন টয়লেটটি সংস্কারের আগেই দুর্বৃত্তরা এর দরজা খুলে নিয়ে যায়। ফলে সেটি পুরোপুরি অচল হয়ে পড়ে।অন্যদিকে নতুন নির্মিত টয়লেটটিও বিভিন্ন কারণে পর্যটকদের ব্যবহারের উপযোগী অবস্থায় নেই বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে ওয়াচ-টাওয়ার এলাকায় আসা দর্শনার্থীদের জন্য কার্যকর কোনো পাবলিক টয়লেট সুবিধা অবশিষ্ট নেই।
সিলেট থেকে পরিবার নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসা পর্যটক আব্দুল্লাহ আল মামুন বলেন, “নিজস্ব গাড়ি নিয়ে তাহিরপুর এসে পরে ছোট নৌকায় করে ওয়াচ-টাওয়ার এলাকায় ঘুরতে আসি। কিন্তু এখানে এসে পরিবারের সদস্যদের নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়। টয়লেটের প্রয়োজন হলেও কোনো ব্যবহারযোগ্য টয়লেট পাইনি।পরে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় তাঁর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হয়েছে। এমন একটি বিশ্বখ্যাত পর্যটনকেন্দ্রে এই ধরনের পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক।
স্থানীয় বাসিন্দারা জানান,হাওরাঞ্চলে সাম্প্রতিক সময়ে চুরি ও ভাঙচুরের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। পর্যাপ্ত নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পর্যটন সংশ্লিষ্টদের মতে,টাঙ্গুয়ার হাওরে প্রতিবছর হাজার হাজার পর্যটক এলেও তাদের জন্য মৌলিক স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা হয়নি। এতে একদিকে পর্যটকদের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে পর্যটন ব্যবস্থাপনার দুর্বলতাও স্পষ্ট হয়ে উঠছে। সচেতন মহল মনে করেন,টাঙ্গুয়ার হাওরের পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে হলে দ্রুত ব্যবহারযোগ্য পাবলিক টয়লেট স্থাপন,বিদ্যমান স্থাপনাগুলোর সংস্কার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। অন্যথায় হাওরের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করলেও মৌলিক সেবার অভাব তাদের অভিজ্ঞতাকে ম্লান করে।

