বাগেরহাট প্রতিনিধি: দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পুরনো রাজনৈতিক সম্পর্কের ইতি টানতে বেছে নিলেন একবারে ভিন্নধর্মী ও চাঞ্চল্যকর এক পন্থা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে দীর্ঘ ১৪-১৫ বছরের পথচলা শেষে জুমার দিনে ‘দুধ দিয়ে গোসল’ করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন শেখ তারেক নামের এক কর্মী।
শুক্রবার (১২ জুন) বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নে এই অভিনব রাজনৈতিক বৈরাগ্যের ঘটনাটি ঘটে, যা বর্তমানে স্থানীয় রাজনীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
শেখ তারেক ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামায়াতের একজন একনিষ্ঠ ও সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত প্রায় দেড় দশক ধরে দলের প্রতিটি কঠিন পরিস্থিতিতে তিনি ছায়ার মতো সংগঠনের পাশে ছিলেন।
তবে হঠাৎ এমন নাটকীয়ভাবে দল ছাড়ার পেছনে অভিমান আর চরম উপেক্ষার গল্প শুনিয়েছেন তারেক। দলত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন “বিগত ১৪-১৫ বছর আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলাম। দল যখন চরম দুর্দিন পার করেছে, তখন বুক চিতিয়ে রাজনীতি করেছি। কিন্তু এখন দলের সুদিন আসায় চারপাশ থেকে দলে অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে। আর এই সুসময়ে এসে দলের কাছে আমার মতো পুরনো কর্মীর গুরুত্ব কমে গেছে। আমি প্রতিনিয়ত অবহেলার শিকার হচ্ছি।”
দলের ভেতরে দিনের পর দিন কোণঠাসা হয়ে পড়ার একপর্যায়ে ত্যক্ত-বিরক্ত হয়ে জামায়াত ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তারেক। আর নিজেকে রাজনৈতিকভাবে ‘শুদ্ধ’ করতে শুক্রবার জুমার নামাজের ঠিক আগে ঘটা করে দুধ দিয়ে গোসল করেন তিনি।
দুধে গোসল শেষে তিনি জনসম্মুখে ঘোষণা দেন, এই পবিত্র তরল দিয়ে শরীর ধুয়ে নেওয়ার মাধ্যমে তিনি জামায়াতের রাজনীতি থেকে নিজেকে চিরতরে মুক্ত করলেন। এখন থেকে দলটির কোনো ধরনের গোপন বা প্রকাশ্য রাজনৈতিক এজেন্ডা ও কার্যক্রমের সঙ্গে তার দূরতম কোনো সম্পর্কও থাকবে না।
একজন মাঠপর্যায়ের রাজনৈতিক কর্মীর এভাবে দুধ দিয়ে গোসল করে দলত্যাগের ঘটনা ফকিরহাট এলাকায় বেশ আলোড়ন তৈরি করেছে। স্থানীয়দের একাংশের মতে, দলের সুসময়ে ত্যাগী কর্মীরা যখন অবমূল্যায়নের শিকার হন, তখন এমন ক্ষোভের বহিঃপ্রকাশ অস্বাভাবিক নয়। তবে এ বিষয়ে স্থানীয় জামায়াত নেতৃত্বের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

