জয়নাল আবেদীনঃ আনন্দঘন একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে নতুন পোশাক পরে বাবার সাথে মোটরবাইকে চেপেছিল সাড়ে পাঁচ বছরের শিশু বন্ধন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই পথ আর শেষ হলো না তাদের। রংপুরের গঙ্গাচড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল চালক পিতা, আরোহী দাদা এবং নাতি। মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের তিন প্রজন্মের এই অকাল ও আকস্মিক প্রয়াণে পুরো এলাকায় নেমে এসেছে স্তব্ধতা ও গভীর শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে গঙ্গাচড়া সদর ইউনিয়নের পশ্চিম মানদ্রাইন এলাকার বাসিন্দা ও স্থানীয় জনপ্রিয় পল্লীচিকিৎসক প্রশান্ত চন্দ্র রায় (৩৫) তাঁর বাবা নির্মল চন্দ্র রায় এবং সাড়ে পাঁচ বছরের সন্তান বন্ধন চন্দ্র রায়কে নিয়ে তুলসীহাটের একটি বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হন।
দুপুর ২টার দিকে গঙ্গাচড়া-বড়াইবাড়ী সড়কের মন্থনা বাজার সংলগ্ন জুট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাককে সাইড দিতে যান প্রশান্ত। কিন্তু ওই সময় সড়কে শুকানোর জন্য বিছিয়ে রাখা ধানের খড়ের ওপর মোটরবাইকের চাকা পিছলে যায়। মুহূর্তের মধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের মুখোমুখি চলে আসে এবং তিনজনেই ট্রাকের চাকার নিচে পিষ্ট হন।
ভয়াবহ এই দুর্ঘটনার পর স্থানীয় জনতা রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা মোটরবাইক চালক পল্লীচিকিৎসক প্রশান্ত চন্দ্র রায়কে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীণ দাদা নির্মল চন্দ্র রায়।
গুরুতর সংকটাপন্ন অবস্থায় সাড়ে পাঁচ বছরের শিশু বন্ধনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে দীর্ঘ ১০ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চিরনিদ্রায় ঢলে পড়ে শিশুটি। এর ফলে ২৪ ঘণ্টার ব্যবধানে একটি পরিবারের তিনটি প্রদীপ চিরতরে নিভে যায়।
হৃদয়বিদারক এই দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ, তবে চালক ও সহকারী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর সংবাদ মাধ্যমকে জানান, “দুর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রাকটিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিন প্রজন্মের এই বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা। পুরো গঙ্গাচড়া এলাকায় এখন শুধুই কান্নার রোল।

