শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার পুকুরপাড় মহল্লায় সুমি খাতুন (২৫) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই ) সকালে পুলিশ ঘটনার স্থল থেকে নিহাতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ এর জন্য পুলিশ নিহত গৃহবধূর শাশুড়ি ও দুই ননদকে আটক করে। অন্যদিকে একই দিন বিকেলে স্বামী মিরাজ উদ্দিনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, প্রায় ৩ বছর পূর্বে উপজেলার নরিনা ইউনিয়নের কাঙ্লাকান্দি গ্রামের নূর মোহাম্মদের মেয়ে সুমি খাতুনের সঙ্গে পুকুরপাড় মহল্লার আবুল কাশেমের ছেলে মিরাজ উদ্দিনের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকে মিরাজ মাঝেমধ্যেই মাদক সেবনের জন্য শশুরবাড়ি থেকে টাকা পয়সা দাবি করতেন। এতে সুমি খাতুন আপত্তি করলে তাকে শারীরিক ও মানসিকভাবে নানা নির্যাতন করা হতো। মাদক সেবনের টাকার জন্য মিরাজ ও সুমির মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এক পর্যায়ে বুধবার সকাল ৯ টার দিকে সুমি বিষপানে আত্মহত্যা করেছে মর্মে খবর প্রচার করে শ্বশুরবাড়ির লোকজন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমির লাশ উদ্ধার করে। এ সময় নিহত সুমির শরীরে একাধিক ক্ষত চিহ্ন ও ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখতে পায় থানা পুলিশ।
গৃহবধূ সুমির মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় পুলিশ লাশ উদ্ধারের পাশাপাশি নিহত সুমির শাশুড়ি ও দুই ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। সুমি খাতুনের বাবার বাড়ির লোকজন দাবি করেছে, শশুরবাড়ির লোকজন অমানুষিক নির্যাতন করে তার মেয়েকে হত্যা করেছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বিকেলে নিহত গৃহবধূ সুমি খাতুনের স্বামী মিরাজ উদ্দিনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে গৃহবধূ সুমি খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এদিকে, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।##

