নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের শেখ রাসেল সেতুর ওপরে সড়ক দুর্ঘটনায় মনির নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির কাজী (৪৮) লোহাগড়া উপজেলার কুলা দিঘলিয়া গ্রামের রকন কাজীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়া থেকে ট্রাকে গরু নিয়ে যশোরের ভাংগুড়া হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইলের শেখ রাসেল সেতু অতিক্রমের সময় সেতুর লোহার বারের (উচ্চতানিরোধক ব্যারিয়ার) সঙ্গে তার মাথার আঘাত লাগে। এতে তিনি ও তার সঙ্গে থাকা অপর ব্যক্তি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনির কাজীকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শামীম আক্তার জানান, মাথায় গুরুতর আঘাত পাওয়া দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে মনির কাজী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপরজনের মাথায় আঘাত থাকলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

