জয়নাল আবেদীনঃ রংপুরে বস্তাবন্দী অবস্থায় নার্গিস বেগম (৪৬) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের শিবপুর গ্রাম ফসলের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নার্গিস লতারপাড়া গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার দুপুরে শিবপুর গ্রামের একটি জমি চাষ করার সময় একটি বস্তা স্থানীয়দের নজরে আসে। পরে সেটি খুলতেই নার্গিসের অর্ধগলিত লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারসহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।পীরগঞ্জ থানার ওসি বলেন, মরদেহ উদ্ধারের পর থেকে ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

