শেরপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ

0
শেরপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ

ফেরদৌস আলীঃ শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘোড়ার মাংস বিক্রির প্রমাণ পেয়েছে ও আলামত জব্দ করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকা এলাকার ফুলহারি নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফুলহারি এলাকায় একটি চক্রের বিরুদ্ধে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন নাগরিকরা দীর্ঘদিন ধরে খোঁজ-খবর রাখছিলেন।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তারা ওই এলাকায় তিনটি জবাই করা ঘোড়ার মাংস এবং আরও তিনটি জীবিত ঘোড়া বাঁধা অবস্থায় দেখতে পান। পরে মানুষের উপস্থিতি টের পেয়ে কারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাংসের নমুনাসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে যাই। সেখানে ঘোড়ার মাংসের আলামত পাওয়া গেছে এবং নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে বাঁধা অবস্থায় কোনো ঘোড়া দেখতে পাইনি। আমাদের পৌঁছানোর আগেই কারবারিরা পালিয়ে যায়।

শেরপুরের জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞা বলেন, বিষয়টি অধিকতর তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে। তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম চলমান থাকবে।