জয়নাল আবেদীন: সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন । সোমবার সকাল ১১টায় রংপুর নগরীর খামার মোড় এলাকায় বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন রংপুর মহানগর শাখা আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংগঠনটির নেতারা। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় কৃষকরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছে না। কোথাও কোথাও অতিরিক্ত অর্থ দিয়েও সার সংগ্রহ করতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় কৃষকরা আরও বেশি আর্থিক সংকটে পড়ছেন। কৃষিকাজে এমনিতেই লাভের পরিমাণ কম এর সঙ্গে সারের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি যুক্ত হলে কৃষকের উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বক্তারা অবিলম্বে সার সরবরাহ স্বাভাবিক করা, কৃষক পর্যায়ে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা, ডিলার পর্যায়ে সরবরাহ ও বিতরণব্যবস্থায় নজরদারি বাড়ানো এবং কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন রংপুর মহানগর শাখার সভাপতি আব্দুল বাতেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা আবুল হাসেম বাদল, মহানগর শাখার উপদেষ্টা শাহানত মিয়া, মুত্তালিব হোসাইন, মহানগর শাখার সহসভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক ইমরান বাবু, মাহিগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জামেদুল ইসলাম আব্দুল্লাহ সহ নেতাকর্মীরা।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে আব্দুল বাতেন বলেন, “কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমাদের দাবি। কৃষক সার চাইবে, অথচ তাকে ডিলারের দ্বারে দ্বারে ঘুরতে হবে কিংবা অতিরিক্ত টাকা দিতে হবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু কৃষকের স্বার্থ উপেক্ষা করে কোনো সিন্ডিকেট বা অসাধু ব্যবসায়ীকে বাজার নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া হলে কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন নীরব থাকবে না।”তিনি আরও বলেন, “অতীতে সার সংকটকে কেন্দ্র করে কৃষকদের আন্দোলনে গুলির ঘটনা ঘটেছে। আমরা প্রত্যাশা করি, বর্তমান সরকার সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেবে না। কৃষকের দাবি শান্তিপূর্ণভাবে শুনে দ্রুত সমাধান করতে হবে।
অবিলম্বে কৃষক পর্যায়ে ন্যায্য মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত না হলে সারাদেশের কৃষক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”মানববন্ধনে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা ছাড়াও সাধারন ভূক্তভোগীরা উপস্থিত ছিলেন।

