শ্রীমঙ্গল প্রতিনিধিঃ হঠাৎ বাড়ির আঙিনায় বিশাল অজগর! সাপটি দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা। পরে সাপটি বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর লামুয়া এলাকায় কদর আলী মেম্বারের বাড়ির আঙিনায় অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। এ সময় সাপটি নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
পরে আব্দুল মজিদ নামের এক ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধার কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন চাউতলি বিট কর্মকর্তা সুব্রত সরকার। উদ্ধারের পর অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে অজগরটি হস্তান্তর করা হয়।

