শাহজাদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিএনজির যাত্রী নিহত

0
শাহজাদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিএনজির যাত্রী নিহত

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাসস্ট্যান্ড সংলগ্ন বগুড়া- নগরবাড়ি মহাসড়কে পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোমিনুল ইসলাম মোমিন (৩৫) নামে এক সিএনজির যাত্রী নিহত হয়েছেন। নিহত মোমিনুল উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন সকালে মোমিনুল শাহজাদপুর যাওয়ার উদ্দেশ্যে সরিষারকোল বাসস্ট্যান্ডে একটি সিএনজিতে বসেছিলেন। এ সময় বগুড়া থেকে পাবনাগামী পাথর বোঝাই একটি ট্রাক ওই সিএনজিকে পেছন থেকে চাপা দেয়। এতে সিএনজিতে বসে থাকা যাত্রী মোমিনুল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলাই মারা যান। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ পারভেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত মোমিনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।