হত্যা মামলায় সাংবাদিক সৌরভ কৃষ্ণকে আসামি করার প্রতিবাদ, মামলা প্রত্যাহারে আলটিমেটাম

0
হত্যা মামলায় সাংবাদিক সৌরভ কৃষ্ণকে আসামি করার প্রতিবাদ, মামলা প্রত্যাহারে আলটিমেটাম

ঈশ্বরদী প্রতিনিধিঃ সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে পাবনার ঈশ্বরদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সহ-সভাপতি সেলিম সরদার ও জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ শহীদুল্লাহ খান, খালেদ মাহমুদ সুজন।

বিজয় টেলিভিশনের প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, চ্যানেল ২৪-এর প্রতিনিধি শাহীন রহমান, সময় টেলিভিশনের প্রতিনিধি সবুজ মোল্লা, স্টার নিউজের প্রতিনিধি শামসুল আলম, এসএ টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, ডিবিসি নিউজের প্রতিনিধি পার্থ হাসান, এখন টিভির প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এস-এর প্রতিনিধি দেওয়ান সবুজ, আরটিভির প্রতিনিধি বায়েজীদ বোস্তামি, চ্যানেল ওয়ানের প্রতিনিধি ইয়াছিন আলী শেখ, দেশ টিভির প্রতিনিধি পলাশ হোসাইন ও এশিয়া পোস্টের প্রতিনিধি রাকিব হাসনাত প্রমুখ এসময় বক্তব্য দেন।

বক্তারা বলেন, দৈনিক স্বতঃকণ্ঠের স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক সমকোণের বার্তা সম্পাদক এবং দৈনিক সংবাদ সারাবেলার ঈশ্বরদী প্রতিনিধি সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করে তাঁরা বলেন, কোনো সাংবাদিক অপরাধে জড়িত থাকলে নিরপেক্ষ তদন্তে তা প্রমাণিত হবে। তবে নিরপরাধ কাউকে হয়রানি করা গ্রহণযোগ্য নয়।

সভা থেকে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, সাংবাদিক সৌরভ কৃষ্ণের নাম প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর ভোরে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৭) গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুর এলাকায় তার মৃত্যু হয়।

নিহতের বাবা সাংবাদিকদের জানিয়েছিলেন, কে বা কারা তাঁর ছেলেকে পিটিয়ে আহত করে হাসপাতালে রেখে গেছে, তা তিনি জানেন না। পরে তিনি ঈশ্বরদী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি তদন্তাধীন।

ঘটনার ১৮ দিন পর, গত ২০ সেপ্টেম্বর, নিহতের বাবা আনিছুর রহমান পাবনা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-২ আদালতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণসহ ১৫ জনকে আসামি করে মামলা করেন বলে জানা গেছে।

এ সময় ঈশ্বরদীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।