খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি আবাসিক এলাকার একটি ব্যাচেলর মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা গোলাম ফারুকের ছেলে।
রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মুজগুন্নি এলাকার ২১ নম্বর রোডের একটি আবাসিক ভবনের চতুর্থ তলার মেস থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে মমতাজির বিল্লাহ এক তরুণীকে নিয়ে মুজগুন্নি এলাকার ওই মেসের একটি কক্ষে প্রবেশ করেন। বিষয়টি মেসের অন্য ব্যাচেলর বাসিন্দাদের নজরে এলে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরবর্তীতে মেসের বাসিন্দারা ও স্থানীয় লোকজন তাদের আপত্তিকর অবস্থায় আটক করেন।
ঘটনাটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে ওই ভবনের সামনে উৎসুক জনতা ভিড় জমায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খালিশপুর থানা পুলিশ। পরে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ ওই তরুণ ও তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার সুদর্শন রায় জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মেস থেকে ওই দুজনকে থানায় আনা হয়েছে। বর্তমানে তাদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

