খুলনা ব্যুরোঃ খুলনা মহানগরীর খালিশপুরে অন্য এক মেয়ের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে সৃষ্ট ক্ষোভের জেরে প্রেমিক অনিক (১৯)-কে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে তার প্রেমিকা ববি আক্তার (১৮)-এর বিরুদ্ধে। অভিযুক্ত ববিকে ইতোমধ্যে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহত অনিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে খালিশপুর থানাধীন আলমনগর বাজারের নিকটবর্তী পালপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত অনিক ও অভিযুক্ত ববি আক্তার উভয়েই খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। তবে সম্প্রতি অন্য এক মেয়ের সঙ্গে অনিকের কথা বলা নিয়ে ববির মনে ক্ষোভ ও অভিমানের জন্ম হয়।
ঘটনার দিন সকালে পূর্বপরিকল্পনা বা পূর্ববিরোধের জের ধরে উভয়ে সাক্ষাতে মিলিত হন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ববি সঙ্গে থাকা ছুরি দিয়ে অনিককে আঘাত করেন। এতে অনিক সামান্য আহত হন।
ঘটনার পরপরই দুপুর ২টার দিকে আহত অনিক নিজে থানায় এসে পুরো বিষয়টি পুলিশকে জানান। তবে তিনি প্রেমিকা ববির বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করবেন না বলে জানান।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ববি আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। অনিক থানায় এসে জানিয়েছেন তিনি কোনো আইনি অভিযোগ করবেন না। বর্তমানে উভয় পক্ষের অভিভাবক থানায় উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে।’
জানা গেছে, আহত অনিক ঝিনাইদহ জেলার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে এবং তিনি খুলনায় থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে অভিযুক্ত ববি আক্তার খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় এলাকায় শিক্ষার্থী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

