
গাজীপুর প্রতিনিধিঃ ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের টানা আন্দোলনে আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। রবিবার (১৫ নভেম্বর) সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের (টিয়ার) শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, চলমান অস্থিরতা ও ভাঙচুরের আশঙ্কায় কালিয়াকৈরের অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে সাতটি বড় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ (লে-অফ) ঘোষণা করায় চরম অনিশ্চয়তা ও জীবিকার সংকটে পড়েছেন হাজারো শ্রমিক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে গাজীপুরের মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুর এলাকার বিভিন্ন কারখানায় মজুরি বৃদ্ধির দাবিতে অসন্তোষ চলছিল। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল পৌনে ৯টার দিকে মৌচাকের তেলিরচালা এলাকার ‘লেভেন্ডা গার্মেন্টস’-এর শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। মুহূর্তেই ব্যস্ততম এই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী পরিবহন চালকেরা।
সকাল ৯টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এতে শ্রমিকেরা আরও উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে গেলে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
শ্রমিক অসন্তোষ ও কারখানায় সম্ভাব্য হামলা-ভাঙচুর এড়াতে রবিবার সকাল ৭টা থেকেই কঠোর অবস্থানে যায় মালিকপক্ষ। সরেজমিনে দেখা গেছে, সকালে কাজ করার উদ্দেশ্যে এসে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকার অর্ধশতাধিক কারখানার মূল ফটকে সাধারণ ছুটির নোটিশ ঝুলতে দেখেন শ্রমিকেরা।
বিশেষ করে পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন এবং সফিপুর ও রতনপুর এলাকার করণী গার্মেন্টসসহ মোট সাতটি কারখানার ফটকে আজ থেকে ‘অনির্দিষ্টকালের জন্য বন্ধ’ ঘোষণার নোটিশ টানানো হয়েছে।
কারখানা বন্ধের নোটিশ দেখে ফটকের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাজের নিশ্চয়তা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান হাজারো শ্রমিক। পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স হোল্ডিংয়ের কয়েকজন পোশাকশ্রমিক আক্ষেপ করে বলেন, ‘আমরা প্রতিদিন পেটের তাগিদে কাজ করতে কারখানায় আসি। কাজ না করলে আমাদের ঘরে চুলা জ্বলে না। বেতনের জন্য আন্দোলন হয়েছিল, সরকার বেতন বাড়ানোর ঘোষণাও দিয়েছে। আমরা এখন কাজ করতে চাই। কিন্তু প্রতিদিন এসেই দেখি কোনো না কোনো ঝামেলায় কারখানা ছুটি। আজ এসে দেখি একেবারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।’
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জেলা পুলিশ, শিল্প পুলিশ, এসআরবি, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘মৌচাক এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। গত কয়েক দিন ধরে অনাকাঙ্ক্ষিতভাবে শ্রমিক আন্দোলন ও কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটায় মালিকপক্ষ সতর্কতামূলকভাবে অনেক কারখানা ছুটি ঘোষণা করেছে। তবে কতগুলো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে, সে সংক্রান্ত আনুষ্ঠানিক নোটিশ এখনো আমাদের হাতে আসেনি। বর্তমানে শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।’
