গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে চলমান উত্তেজনা ও সহিংসতার রেশ কাটতে না কাটতেই এবার কাশিয়ানী উপজেলায় বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বেলা ১১টার মধ্যে এসব নাশকতা ও ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কসহ উপজেলার অন্তত সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালের দিকে কাশিয়ানী উপজেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর বেলা ১১টার দিকে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়।
কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লা অভিযোগ করে বলেন, “বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী হঠাৎ এসে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা ব্যাপক ভাঙচুরের পাশাপাশি কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে আতঙ্ক সৃষ্টি করে।”
এ বিষয়ে জানতে চাইলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, বাসস্ট্যান্ড এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে পুলিশ খবর পেয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সকাল থেকেই পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক সড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শক্ত ব্যারিকেড গড়ে তোলা হয়। অবরোধকারীরা রাস্তার ওপর বড় বড় গাছের গুঁড়ি, পল্লী বিদ্যুতের খুঁটি, বাঁশ এবং পুলিশের চেকপোস্টের বক্স ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।
যেসব স্থানে অবরোধের প্রভাব সবচেয়ে বেশি তার মধ্যে নীলফা বাজার, মালেকের দোকান, রামচন্দনপুর, সিঙ্গিপাড়া, কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের সামনের এলাকা, গিমাডাঙ্গা নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড মোড়
সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের অসংখ্য যাত্রী গন্তব্যে পৌঁছাতে না পেরে মাঝপথে আটকা পড়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় পাটগাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করলে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বিক্ষুব্ধরা মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।
থানায় হামলার খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসারের কয়েকটি দল টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দিলে পথে নীলফা বাজার এলাকায় তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। রাতভর চলা এই তাণ্ডবে টুঙ্গিপাড়া থানার ছয়টি পুলিশের গাড়ি, নীলফা বাজার এলাকায় বিজিবির গাড়ি ও একটি পুলিশ ভ্যানসহ মোট ১০টি সরকারি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
টানা দুই দিনের এমন সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী জুড়ে চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

