পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা করার প্রস্তাব সিপিডির

0
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা করার প্রস্তাব সিপিডির

বাংলাদেশ প্রতিবেদকঃ চলমান উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, চার সদস্যের একটি পরিবারের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ রেখে সম্মানজনক জীবনযাপনের জন্য একজন শ্রমিকের মাসিক মজুরি ২৪ হাজার ২০৪ টাকা হওয়া প্রয়োজন।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনের এসব সুপারিশ তুলে ধরা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। এ সময় সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ড. নাজনীন আহমেদ বলেন, বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক চাপের মধ্যে মজুরি নির্ধারণে কোনো কিছু চাপিয়ে দেওয়া বা সংঘাতময় প্রক্রিয়া অনুসরণ করা উচিত নয়। শ্রমিক অসন্তোষ বা আন্দোলনের মুখে তাড়াহুড়ো করে মজুরি বোর্ড গঠনের প্রচলিত সংস্কৃতি দীর্ঘ মেয়াদে সংকটের সমাধান করে না।

দুই পক্ষের অবস্থান ও সমঝোতার বিষয়ে তিনি বলেন, “আমরা ‘দর-কষাকষি’ শব্দটি ব্যবহার করতে চাই না; বরং তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে মালিক ও শ্রমিক—দুই পক্ষের পর্যালোচনা এবং আলোচনার মাধ্যমে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে একটি গ্রহণযোগ্য মজুরি নির্ধারণের কথা বলছি। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্য হওয়া উচিত শ্রমিকদের পুষ্টিমান বজায় রেখে মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনধারণের উপযোগী মজুরির (লিভিং ওয়েজ) দিকে নিয়ে যাওয়া।”

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর চলতি বছরের অক্টোবরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামলে সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। বোর্ডে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিলেও মালিকপক্ষের সুনির্দিষ্ট প্রস্তাব এখনো পাওয়া যায়নি।

মালিক ও শ্রমিকপক্ষের বর্তমান অবস্থানুযায়ি উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের চড়া সুদহার, গ্যাস-বিদ্যুতের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে পোশাকের দরপতনের কারণে তাদের পক্ষে বাড়তি মজুরির চাপ বহন করা কঠিন।

খাদ্য, বাসস্থান ও নিত্যপণ্যের ব্যয় যেভাবে বেড়েছে, তাতে পরিবারের ন্যূনতম খরচ মেটানোর মতো জীবনোপযোগী মজুরি নিশ্চিত করা জরুরি।

পোশাক খাতে স্থিতিশীলতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সিপিডি বেশ কয়েকটি কাঠামোগত সুপারিশ পেশ করেছে তার মধ্যে রয়েছে মজুরি পুনর্বিবেচনার অন্তত ছয় মাস আগে মজুরি বোর্ড গঠন করতে হবে, যাতে তাড়াহুড়ো এড়ানো যায়।

আবেগ বা চাপের পরিবর্তে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নির্ভরযোগ্য উপাত্ত এবং শ্রমিক পরিবারের প্রকৃত সদস্য ও আয়কারীর সংখ্যা বিবেচনায় নিতে হবে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লেখিত ১১টি মানদণ্ড (যেমন—মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও ব্যবসার সক্ষমতা) পরিমাপের জন্য সুনির্দিষ্ট পদ্ধতি প্রণয়ন করতে হবে।

আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোকে পোশাকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে এবং শ্রম ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সোর্সিং নীতিতে পরিবর্তন আনতে হবে।

২০২৯ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান রপ্তানি বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে কারখানায় শোভন কাজের পরিবেশ ও লিভিং ওয়েজ নিশ্চিত করা অপরিহার্য।