জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে অতি দরিদ্র পরিবারের মাঝে ১৫তম পর্যায়ে বিনামূল্যে ২০টি গাভী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের কেশবপুর (নিশিরমোড়) এলাকায় সংস্থার কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর সহযোগিতায় উপমা সমাজ উন্নয়ন সংস্থা (ইউএস ইউএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল করিম,উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল এবং মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, অতি দরিদ্র পরিবারের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাভীগুলো লালন-পালনের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। আলোচনা শেষে ২০টি অতি দরিদ্র পরিবারের হাতে বিনামূল্যে গাভী তুলে দেওয়া হয়।

